হাসছিল সবাই। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সুপরিসর মিলনায়তন যেন হাসির রাজ্য হয়ে উঠেছিল। ওরা ভাষা প্রতিযোগের নয় অঞ্চলের বিজয়ী শিক্ষার্থী। এসেছিল জাতীয় উৎসবে অংশ নিতে। তাদের সঙ্গে সরস কথার ফোয়ারা জাগিয়ে হেসেছেন অনুষ্ঠানের সঞ্চালক, কথাসাহিত্যিক আনিসুল হক এবং অনুষ্ঠানে আসা অতিথিদের সবাই। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের অষ্টম জাতীয় উৎসবের পুরো দিনই ছিল এমন হাসিখুশিমাখা। সেই হাসির বাঁধনহারা উচ্ছ্বাসে জ্যৈষ্ঠের আমপাকা গরমও যেন সেদিন হার মেনেছিল।নিবন্ধন শেষে সকাল নয়টায় বেজে ওঠে উৎসবের বাঁশি। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ভাষা প্রতিযোগের উপদেষ্টা পর্ষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এ পর্বে সঞ্চালক ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।প্রথমেই পরীক্ষার পালা। ভাষা প্রতিযোগের সবুজ টি-শার্ট গায়ে চাপিয়ে পরীক্ষা দিতে ছুটছে সবাই। কোনো ডর-ভয় নেই, শঙ্কা নেই—প্রচলিত পরীক্ষা পদ্ধতির বালাই নেই মাতৃভাষার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলার এই অন্য রকম আয়োজনে। ওদিকে ততক্ষণে ভিকারুননিসার মিলনায়তনে শুরু হতে যাচ্ছে উৎসবের সবচেয়ে আনন্দময় পর্ব। এই পর্ব সঞ্চালনের দায়িত্ব নিয়ে মঞ্চে দাঁড়িয়েছেন আনিসুল হক। প্রথমেই তিনি মঞ্চে আসতে অনুরোধ করলেন ভাষাসৈনিক আহমদ রফিক ও শিল্পী মুর্তজা বশীরকে। এ সময় দাঁড়িয়ে ভাষাসৈনিকদের প্রতি সম্মান জানান মিলনায়তনের সবাই।কথা শুরু করেছেন আহমদ রফিক। তাঁর কথায় ৬০ বছর আগের স্মৃতি। ভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা বর্ণনা করে তিনি বললেন, ‘আজ বাঙালি বাংলা ভাষায় কথা বলে। সারা দেশের মানুষ ভাষা নিয়ে গর্ব করে। ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল শুধু রাষ্ট্রভাষা বাংলার জন্য নয়—সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনও ছিল এর অন্যতম মূল লক্ষ্য।’‘১৯৫২ সালে মেডিকেল কলেজ ছিল আধা পাকা, বাঁশের বেড়া দেওয়া।’ সঞ্চালক আনিসুল হকের কথার সূত্র ধরে মুর্তজা বশীরও হাতড়ে ফিরলেন রক্তঝরা ২১ ফেব্রুয়ারির স্মৃতি। আবার স্মৃতি থেকে বর্তমানে ফিরে এসে তাঁর কণ্ঠে ঝরে পড়ল খেদ, ‘বাঙালির ইতিহাস হাজার বছরের, কিন্তু আমরা এখনো ইতিহাস ঠিকমতো জানি না। পাল যুগ ও কালীঘাটের চিত্রকলা সম্বন্ধে আমাদের জানতে হবে। ইতিহাসকে বুঝতে হবে।’এরপর মঞ্চে এলেন মনপুরার ‘সোনার পালঙ্কের ঘরে’ খ্যাত শিল্পী চন্দনা মজুমদার। ভাষার কথা বলতে বলতে কত না সরস কথার ফুল ফুটছে আসরে! এরপর একে একে মঞ্চে এলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক মাহবুবুল হক ও অধ্যাপক মহাম্মদ দানীউল হক। ঠিক বক্তৃতা নয়, গল্পের মতো করে তাঁরা সবাই বললেন শুদ্ধভাবে ভাষা শেখার কথা। ‘শুদ্ধ করে কথা বলতে হবে, লিখতে হবে, নিজেকেই নিজের শিক্ষক হতে হবে।’ ভীষ্মদেব চৌধুরীর এই কথার পর মাহবুবুল হক বললেন, ‘আমাদের কথাবার্তায় আমরা এখন ইংরেজির পাশাপাশি হিন্দির মিশেল দিচ্ছি। এটা ঠিক নয়।’ মাহবুবুল হকের কথার পরই গেরুয়া বসনে গান নিয়ে মঞ্চে এলেন কিরণ চন্দ্র রায়। ‘তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল’, তাঁর গানের সুমিষ্ট ছন্দের তালে এরই মধ্যে মেতে উঠেছে সবাই।গান আর কথায় উৎসব যখন খানিকটা আচ্ছন্ন, ঠিক তখনই মিলনায়তনে প্রবেশ করলেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। একটা অনুচ্চ কলরব দোলা দিয়ে গেল চারদিকে। এরপর একটি জনপ্রিয় মজার ছড়া এবং বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে ওই কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন অরুণ বসু। এর আগে নজরুল সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্যসমৃদ্ধ বক্তৃতার মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে রাজশাহীর প্রতিযোগী খন্দকার মো. আবু তালহা। এই পর্বে সিফাত-ই-মনজুরের কণ্ঠে দিনাজপুরের আঞ্চলিক গান ‘দিনাজপুরে ভাই বেড়াতে যান’ও সবাইকে মুগ্ধ করে।সকাল গড়িয়ে তখন দুপুর। মঞ্চে তখন মুহম্মদ জাফর ইকবাল। তাঁর উদ্দীপনা-জাগানিয়া কথাগুলো দর্শকদের মধ্যে আলো ছড়াচ্ছে হাস্যরসের আভায়। এই আভা থাকতে থাকতেই মঞ্চে এলেন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। শিল্পিত কথার বাকবিভঙ্গে এ সময় প্রমিত ও আঞ্চলিক ভাষার ফারাক এবং শুদ্ধ উচ্চারণের গুরুত্ব দর্শকদের অনেকটাই হাতেকলমে বুঝিয়ে দিলেন তিনি। খাওয়ার বিরতি দিয়ে এই পর্বের অনুষ্ঠান শেষ হলো কিশোরের গানের মধ্য দিয়ে।উৎসবের শেষ পর্ব শুরু হয় বন্ধুসভার জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের সঞ্চালনের মাধ্যমে। এ পর্বে গান পরিবেশন করলেন অদিতি মহসিন ও শারমিন সাথী ইসলাম। শেষ পর্বের একপর্যায়ে মঞ্চে এলেন জাদুশিল্পী জুয়েল আইচ। না, তিনি কোনো জাদু পরিবেশন করেননি, কিন্তু কথার জাদুতে মোহবিষ্ট করে রেখেছিলেন সবাইকে। এই সময় প্রতিযোগে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা দিতে মঞ্চে আসেন ক্রিকেটার ইলিয়াস সানি ও এনামুল হক জুনিয়র। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেন এবারের ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর। ‘বছরের নির্দিষ্ট সময় নয়, সারা বছর আমরা ভাষা প্রতিযোগ আয়োজন করতে চাই।’ তারিক মনজুরের কথার পর অনুষ্ঠানের আর তেমন কিছু বাকি নেই।এবার পুরস্কার ঘোষণার পালা। মঞ্চে এলেন মঞ্জু আরা বেগম, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, জুয়েল আইচ, এইচএসবিসির বিপণন ও গণযোগাযোগ-প্রধান তালুকদার নোমান এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। সেরা আয়োজনের জন্য ঠাকুরগাঁও অঞ্চলের জেলা প্রতিনিধি ও বন্ধুসভাকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মঞ্চে ছুটে আসছে বিজয়ীরা। ওদের হাতে তখন ক্রেস্ট, সনদ ও উপহার পাওয়া সুদৃশ্য সব বই। পলকে পলকে ক্যামেরায় ঝলসে উঠছে ফ্ল্যাশ। সেই ফ্ল্যাশের আলোয় ধরা পড়ছে বিজয়ীদের হাসিমাখা গর্বিত মুখ। ভাষা প্রতিযোগে হাসিভরা উৎসবের শেষ পর্যায়ে তাই আবারও সেই হাসির ফোয়ারা...।