হাড়জোড়ার ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথার্থ নাম। লতানো কাণ্ডের টুকরা টুকরা অংশ দেখতে অনেকটা জোড়া দেওয়া হাড়ের মতোই। আমাদের দেশের অন্যতম ঔষধি গাছ। তবে নগর উদ্যানে ততটা সহজলভ্য নয়। আছে নুহাশপল্ল্লীর ঔষধি বাগান, ধানমন্ডির ৬ নম্বর সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ঔষধি বাগান ও উদ্যানতত্ত্ব বিভাগের নার্সারি, মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ঔষধি বাগানসহ বিভিন্ন ভেষজ বাগানে। টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের বিভিন্ন ঔষধি বাগানেও সহজলভ্য। নগরজীবনে অনেকেই এক টুকরা বারান্দা কিংবা ছাদের বাগানে এই গাছ রাখেন। কারণ, হাড়জোড়া লতা হিসেবে যেমন নান্দনিক, তেমনি অপূর্ব তার ফুলের শোভা। বৃক্ষপ্রেমিক পল্লব মোহাইমেন বছর তিনেক আগে হাড়জোড়ার একটি চারা ময়মনসিংহ থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তাঁর গ্রিন রোডের বাসায়। সেই লতা এখন প্রায় ৩৫ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। সম্প্রতি লালচে রঙের ফুলও ফুটেছে এই গাছে। হাড়জোড়া (Cissus quadrangularis) স্থানবিশেষে হাড়ভাঙা লতা বা হারেঙ্গা নামেও পরিচিত। এই গাছ দেশের চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও সুন্দরবনে সহজলভ্য। প্রিয় আবাস বৃষ্টিবহুল অঞ্চলের ঝোপ-জঙ্গল। এটি বৃহৎ শাখান্বিত বীরুৎ-সদৃশ আরোহী। সরল ও সরু পত্র-পতিমুখ আঁকশিযুক্ত। কাণ্ড রসাল, চার কোনাকার এবং চার পর্বযুক্ত। পত্র সরল, তিন থেকে ছয় সেন্টিমিটার লম্বা, নরম ও রসাল। পত্রবৃন্ত দেড় সেন্টিমিটার লম্বা, উপপত্র জোড়বদ্ধ, প্রশস্ত ডিম্বাকার, সবুজ ও ক্ষণস্থায়ী। মঞ্জরিদণ্ড আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুল চার অংশক, আড়াআড়িভাবে পাঁচ মিলিমিটার ও লালচে রঙের। বৃতি পেয়ালাকার, দল খণ্ডক চারটি, প্রায় দুই মিলিমিটার লম্বা। পুংকেশর চারটি। প্রস্ফুটনকাল সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। ফল গোলাকার, পাকলে লাল ও একবীজী। হাড়জোড়া লতা স্কার্ভি, নাক, কান ও হাড়ভাঙা চিকিৎসায় বিশেষভাবে ব্যবহার্য। গাছের কচি কাণ্ড সবজি হিসেবে খাওয়া হয়। উষ্ণমণ্ডলীয় আফ্রিকা, আরব, মাদাগাস্কার, ভারত, শ্রীলঙ্কা ও জাভা এই গাছের আদি ভূমি।