বিশ্বকাপ থেকে আমাদের বিদায়টা এতই মলিনভাবে হলো যে দুঃখ, কষ্ট, যন্ত্রণার সীমা ছাড়ানো এক অসম্মানের বোধে যেন চারদিকের বাতাস আক্রান্ত হয়ে পড়েছে। বাংলাদেশের আকাশ-বাতাস বলছে—না, এ আমাদের প্রাপ্য ছিল না। অপ্রাপ্তিটা খুব বড় আকারের নয়। বিশ্বকাপ থেকে যতটুকু প্রত্যাশা ছিল, তার কাছাকাছি তো পৌঁছেছে ক্রিকেটাররা। শেষ দিন পর্যন্ত জীবন্ত ছিল কোয়ার্টার ফাইনাল খেলার টগবগে সম্ভাবনা। কায়ক্লেশে হলেও স্বপ্নটাকে শেষ দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া গেছে। তবে অপ্রাপ্তিটা কোথায়? বেদনাবোধটা কিসের? সেটা ওই শেষ প্রহরের হূদয়ভাঙা গান। দক্ষিণ আফ্রিকার যোগ্য প্রতিপক্ষ হয়ে উঠতে না পারা। লজ্জা, দেশবাসীর ভরসার জায়গায় দাঁড়িয়ে চাপে ভেঙে পড়ার সরল-সহজ স্বীকারোক্তি। কষ্টটা কোয়ার্টার ফাইনালে না পৌঁছানোর মধ্যে মোটেই নয়। কষ্ট শনিবারের ৭৮-এর ধারাপাত। সেই ধারাপাতে সৃষ্ট অসম্মানের বিষ এখন এই কলম ধরা আঙুলকে আড়ষ্ট করে দিচ্ছে। বিশ্বকাপের স্বপ্নচয়নে, স্বপ্নপূরণের কারিগরদের বন্দনায় নিবেদিত তামাম শব্দাবলির পেলব স্পর্শ রূপান্তরিত হয়ে বৃশ্চিক দংশনে হুল ফোটাচ্ছে শরীরে। অধোবদনে পথ হাঁটছি। নুলো ভিখারিটির সামনেও মুখ তুলে দাঁড়াতে পারছি না। ওকেও তো একদিন উপভোগ্য ক্রিকেট দেখাব বলে কথা দিয়ে আসছি। দেখাতে পারলাম কই! জাতীয় গর্বের জন্য সেও তো তার দীনতা নিয়ে আলোকিত নগর থেকে সরে থেকেছে। দলের শুভকামনায় দুই হাত তুলেছে আকাশে। তার চোখেও তো এখন এক অনুচ্চারিত প্রশ্নের দাবি। এই দাবি মেটানোর চিন্তা করতে গিয়ে দেখি চাপে পড়ে গেছি। সংক্রামক রোগের মতো সেই চাপ ক্রিকেটারদের থেকে দেখছি অনুরাগীদের দিকে বেয়ে আসছে। এই চাপ থেকে মুক্ত না হলে ক্রিকেটানন্দে সাঁতরানো যাবে না। সামনে যে ক্রিকেটের অথৈ জলাধার।চাপটা কেন আসছে? আমাদের বিশ্বকাপ প্রস্তাবটা তো ছিল চাপমুক্তিরই প্রস্তুতি। তবে কি সেই প্রস্তুতিতে গলদ ছিল? সেটা চিন্তা করে বের করতে হবে। ভাবতে হবে চাপটা কি নিজেরাই নির্মাণ করছি? কী প্রস্তুতি নিলাম? কেন দিনের শুরুতে এলেবেলে বল করব? যে বল অনায়াসে ব্যাকওয়ার্ড পয়েন্ট বাউন্ডারিতে আছড়ে পড়ার কথা, সেই বলে কেন পুল করতে গিয়ে সকাল সকাল উইকেটের পেছনে ধরা পড়বে? ইন কার্টার হলে একটা কথা ছিল, নতুন বলের ইনসুইংঙ্গার ছেড়ে দিয়ে দেওয়া বল উইকেট ভাঙবে কেন? কিসের চাপে? সুলেমান বেন আর রবিন পিটারসন আমাদের আতঙ্ক হয়ে উঠবে কেন? বাঙালি কি বাঁ-হাতি স্পিন চোখে দেখেনি? সব প্রশ্নের উত্তর হয়ে আসছে ওই দুই অক্ষরের শব্দ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের মতো চাপের কোচও তো দলের সঙ্গে আছেন। তাঁকে আরেকটু বেশি তৎপর হতে হবে। ব্যাটিং-ব্যর্থতার দায়ও যে তাঁর বিভাগের ওপর এসে পড়ছে। সঠিক পরিকল্পনার চাপটা কে নেবে? সবাই মিলে নিন। আসুন আমরা চাপমুক্তির পথে হাঁটি। ভালো ক্রিকেটের পথে হাঁটি।