হায় জিন্নাহ, হায় উর্দু!
‘...উর্দ্দু এবং উর্দ্দুই হইবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’ ১৯৪৮ সালের মার্চে পাকিস্তানের ‘জাতির পিতা’ মোহাম্মদ আলী জিন্নাহর এই ঘোষণার পর বিক্ষোভে ফেটে পড়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ছাত্র-জনতা। আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করেছিল এ দেশের মানুষ, সূচনা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের। তবে জিন্নাহর সেই ঘোষণার পর ৬২ বছর পেরিয়ে গেলেও খোদ পাকিস্তানেই রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়নি উর্দু। শুধু তাই নয়, গত মঙ্গলবার উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার জন্য দায়ের করা একটি রিট আবেদনও খারিজ করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। গতকাল বুধবার সংবাদমাধ্যম ‘নিউজ ইন্টারন্যাশনাল’ জানায়, লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি খাজা মোহাম্মাদ শরিফ ওই আবেদনটি খারিজ করে দেন। আবেদন খারিজের কারণ হিসেবে প্রধান বিচারপতি বলেছেন, রিট আবেদনকারী এবং তাঁর আইনজীবী আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছেন। তাই বিধি অনুযায়ী আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।সানাউল্লাহ নামে লাহোরের একজন বাসিন্দা ওই রিট আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, ১৯৪৮ সালে কায়েদে আজম মোহাম্মাদ আলী জিন্নাহ ঢাকায় ছাত্রদের উদ্দেশে উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হয়নি। এখনো পাকিস্তানের রাষ্ট্রীয় বা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি ব্যবহূত হচ্ছে।রিট আবেদনে আরও বলা হয়, পাকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করারও বিধান রাখা আছে। তা সত্ত্বেও উর্দুকে এখনো রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়নি।মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালের মার্চ মাসে ঢাকা সফর করেন। ১৯ মার্চ তিনি তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছান। ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। ২৪ মার্চ দৈনিক আজাদ পত্রিকায় ওই বক্তব্য প্রকাশিত হয়। আজাদ পত্রিকায় প্রকাশিত জিন্নাহর রাষ্ট্রভাষাসংক্রান্ত বক্তব্য ছিল, ‘...আমি আপনাদিগকে সুস্পষ্ট ভাষায় বলিতে চাই যে, উর্দ্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হইবে, অন্য কোনও ভাষা নহে। যে কেহ অন্য পথে চালিত হইবে সেই পাকিস্তানের শত্রু।’এরপর ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জিন্নাহ একই মন্তব্য করেন। আজাদ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেদিন জিন্নাহ বলেছিলেন, ‘পাকিস্তানে একটি মাত্র রাষ্ট্রভাষা থাকিতে পারে এবং তা উর্দ্দু ভিন্ন অপর কোন ভাষাই হওয়া উচিত নয়।...উর্দ্দু এবং উর্দ্দুই হইবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’জিন্নাহর এ ঘোষণায় উপস্থিত ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েন এবং এর প্রতিবাদ জানান। এর ধারাবাহিকতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের বের করা মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে আসছে। ২০০০ সালে এ দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।