হায় বিধবা মা, হায় তাঁর বন্ধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকে কুপ্রস্তাব দিয়েছে প্রতিবেশী যুবক। কিশোর ছেলেকে নিয়ে মা ওই বখাটে যুবকের বাড়ি গিয়ে তার অভিভাবককে ঘটনা জানিয়েছেন, প্রতিকার চেয়েছেন। পরে বখাটে যুবক সহযোগীদের নিয়ে মারধর করেছে কিশোর ছেলেটিকে। কয়েক ঘণ্টা পর মরেই গেছে বন্ধন মজুমদার (১৭) নামে বিধবা মায়ের একমাত্র অবলম্বন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরদিন পুলিশ নিহত বন্ধনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ওই দিনই লাশ মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। রাতেই দাহ করা হয় বন্ধনকে।গত রোববার বন্ধনের মা বাদী হয়ে এলাকার মো. সেলিম (৩২), মো. মফিজ উল্লা (২৫), আনোয়ার হোসেনসহ (২২) অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা সবাই স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মামলায় অপমানে-অভিমানে ছেলে বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, বিষপানের বিষয়ে তাঁরা নিশ্চিত নন। ভিসেরা প্রতিবেদনের পর বোঝা যাবে মৃত্যুর মূল কারণ। গত মঙ্গলবার দুপুরে নিহত বন্ধনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার শোকে কাতর বিধবা মা (৩৮) বিলাপ করছেন। বললেন, ‘আঁর হুতেরে যেতারা দুইন্নাতুন লই গেছে, আঁই হেতাগোরে এই দুইন্নাইত দেইখতাম চাই ন। আঁই ট্যায়া-হইসা কিচ্ছু চাই না, আঁর হুতের খুনিদের বিচার চাই।’বিধবা মা জানান, কয়েক দিন আগে তিনি বাড়িসংলগ্ন রাস্তার পাশ থেকে আদামনির শাক তুলছিলেন। তখন মফিজ উল্লা তাঁকে ৫০০ টাকার নোট দেখিয়ে খারাপ প্রস্তাব দেয়। তিনি বিষয়টি মফিজের মুরব্বিদের জানাবেন বললে মফিজ তাঁকে গালমন্দ করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।বিধবা মা পরদিন ছেলেকে সঙ্গে নিয়ে মফিজের অভিভাবকদের কাছে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয় মফিজ। গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মফিজ তার সহযোগী মো. সেলিম ও আনোয়ার হোসেনকে নিয়ে এসে বন্ধনকে বাড়ির পাশে থেকে ডেকে নেয়। তারপর নিজেদের বাড়ির সামনে নিয়ে চোর অপবাদ দিয়ে মারধর করে। বিধবা মা খবর পেয়ে ছুটে গিয়ে ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিছুক্ষণ পর বন্ধন ঘর থেকে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরও ফিরে না আসায় মা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে পার্শ্ববর্তী একটি ইটভাটার পাশে মাটিতে ছটফট করতে দেখেন বন্ধনকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে বন্ধনকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসকের পরামর্শে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।বন্ধনের মা জানান, তাঁদের বসতবাড়ির চারপাশে মুসলমানদের বাড়ি। তাঁদের বাড়িতে আরও ৮-১০টি পরিবার ছিল। তারা আস্তে আস্তে জায়গা বিক্রি করে অন্যত্র চলে গেছে। থেকে যান কেবল তিনি। আশপাশের বাড়ির লোকেরা তাঁকেও বাড়ি-জায়গা বিক্রি করে চলে যেতে বলেছে বিভিন্ন সময়। কিন্তু স্বামীর রেখে যাওয়া ভিটে ছাড়তে চাননি তিনি। বাড়িতে গিয়ে দেখা যায়, বন্ধনদের বসতঘর ঘেঁষে প্রতিবেশী আবদুল হালিম বড় একটি চৌচালা ঘর আংশিকভাবে তৈরি করে রেখেছেন। সেখানে উপস্থিত আবদুল হালিমকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, বন্ধনদের ঘর ঘেঁষে তিনি যে ঘর তৈরি করছেন, তা তিনি নিজের জায়গাতেই করছেন। তাঁর দাবি, তিনি সব সময় এই পরিবারের বিপদে-আপদে ছুটে আসেন। বন্ধন মারা যাওয়ার পরও তিনিই বেশি সাহায্য করেছেন। তিনি জানান, এ বাড়ির একাধিক পরিবারের জায়গা তিনি কিনেছেন। কাউকে ঠকাননি, ন্যায্য দাম দিয়েছেন।একে একে তিন সন্তান: বন্ধনের মা প্রথম আলোকে জানান, তাঁর স্বামী মারা গেছেন ১৪-১৫ বছর আগে। তিন ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। ছেলেমেয়েদের অনেক কষ্টে বড় করেন। একমাত্র মেয়ে (১৮) মানসিক রোগে আক্রান্ত হয়ে তিন বছর ধরে নিখোঁজ। দুই মাস ধরে নিখোঁজ বড় ছেলে চন্দন মজুমদার (২০)। এঁদের কোনো সন্ধান নেই। সর্বশেষ তাঁর কাছ থেকে বিদায় নিল ছেলে বন্ধন। এই মায়ের প্রশ্ন, আশপাশের কারও ছেলেমেয়ে নিখোঁজ হয় না; কোনো মায়ের বুক খালি হয় না? শুধু তাঁর বুক খালি হচ্ছে কেন?পাশের বাড়ির গৃহবধূ জহুরা খাতুন জানান, বন্ধন ছেলেটি অত্যন্ত ভালো ছিল। তাঁর ছেলের সঙ্গে চলাফেরা করত। অনেক সময় তাঁদের ঘরেও খেত। বাড়ির পাশের ইটের ভাটায় কাজ করত আর অন্য সময় দিনমজুরি করত। এমন ছেলের এই করুণ পরিণতিতে তাঁরা খুবই কষ্ট পেয়েছেন।অভিযুক্ত মফিজদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের পুরুষ কেউ বাড়িতে নেই। নারীরাও কথা বলতে রাজি হননি। তবে ওই বাড়ির বাসিন্দা আবুল কালাম বলেন, তিনি বন্ধনকে মারধরের কথা শুনেছেন অনেকের কাছে। তবে কী কারণে মারধর করা হয়েছে, তা জানেন না। উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ওই এলাকার বাসিন্দা নুরুল আলম চাষী দাবি করেন, ওই দিন বন্ধনকে মফিজ, সেলিম ও আনোয়ারসহ কয়েকজন চুরির অভিযোগে মারধর করেছে বলে তিনিও শুনেছেন। মারধরের সঙ্গে যারা জড়িত তারা অন্যায় কিছু করে থাকলে মামলার তদন্তেই তা বেরিয়ে আসবে। এ নিয়ে তাঁরা কোনো হস্তক্ষেপ করবেন না। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পরই তিনি ঘটনাস্থলে গেছেন। প্রাথমিক তদন্তে বন্ধনকে স্থানীয় কতিপয় যুবক মারধর করেছে বলে তথ্য পাওয়া গেছে। এরপর নিহত বন্ধনের মায়ের মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। ঘটনার পর থেকেই তারা পলাতক।