হায় মানিকজোড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখি দুটি পর পর দুই দিন ভোরে নেমেছে। দিনভর চরেছে মুচিভিটার পাশের জমিগুলোতে, যে জমিগুলোয় পানি জমে আছে দুই থেকে দশ ইঞ্চির মতো। সন্ধ্যায় বসেছে মাঠের প্রান্তের একটি উঁচু কাঠবাদামের মগডালে। গত ২৮ নভেম্বর এ খবর পেয়ে আমি উত্তেজিত যেমন হলাম, তেমনি হলাম রোমাঞ্চিত। কেননা, আমার চিরচেনা মুচিভিটার পাশের মাঠে নেমেছে একজোড়া ‘মানিকজোড়’! (Woolly-Necked Stoৎk)। গ্রামে বন্দুক আছে বেশ কয়েকটি। পাখি দেখে কি বন্দুকওয়ালা শিকারিরা বসে থাকবে? সেলফোনের ওপ্রান্ত থেকে আমাকে নিশ্চিত করা হলো যে পাখি দুটি মানিকজোড় এবং আমাদের গ্রাম ফকিরহাটের সাতশৈয়ার কোনো শিকারি অবশ্যই গুলি করবে না। আমাকে অভয় দিয়েছিলেন গ্রামের প্রায় ৮০ বছর বয়সী এক বন্দুক শিকারি। মানিকজোড় সম্পর্কে কিছু অভিজ্ঞতা ও স্মৃতি জানালেন আমাকে। বললেন, ওরা যদি আশপাশের বা দূরের কোনো মাঠে-বিলে নামে, তাহলে বাঁচানো যাবে না। স্মৃতিকাতরতায় আক্রান্ত হলাম প্রবলভাবে। ওই পাখিদের স্বভাব আমার মুখস্থ। কোনো রকম বিরক্ত করা না হলে এবং খাদ্য কমে না গেলে ওরা বেশ কদিন ধরে একই মাঠে চরবে। রাতে আশ্রয় নেবে একই গাছে। তার আগেই আমি গ্রামের বাড়িতে পৌঁছে যাব। ৩০ নভেম্বর সকালের বাগেরহাটের বাসের টিকিট কাটলাম । ২৯ নভেম্বর সকালে ফোনে খবর এল, পাখি দুটি বাদামগাছ থেকে উড়ে দক্ষিণ-পূর্বদিকে গেছে। উদ্বিগ্ন হলাম বড়ই। মন ভেঙে গেল। বড়সড় বিরল পাখিটি কেন গেল ভিন গ্রামে! বেলা আনুমানিক চারটার দিকে একটি পাখি উড়ে এসে বসে সেই কাঠবাদামগাছেই। কিন্তু ওটা ঠিকমতো বসতে পারছে না। ডানা ঝাপটাচ্ছে, আমি ফোন ধরে আছি। পাখিটি মুখ থুবড়ে পড়ে মাটিতে। স্থানীয় ওয়াইল্ড লাইফ ক্লাবের শিপলু খান-শামিম খানেরা তুলে আনেন পাখিটিকে। তখনো জীবিত ছিল। দূরে কোথাও বন্দুকের গুলিতে আহত হয়ে উড়ে আসে কাঠবাদামগাছটিতে। খানিক পরে মারা যায়। অতএব, আমাদের সম্বল হলো মৃত পাখিটির ছবি এবং নমুনা হিসেবে রেখে দেওয়া লাল ঠোঁট ও ডানার বেশ কয়েকটি বড় পালক। দ্বিতীয় পাখিটি ফেরেনি। আর খোঁজও মেলেনি তার। অতি বিরল এই পাখিজোড়া এবার যেখানে নেমেছিল, ১৯৭১ সাল পর্যন্ত সেখানে মানিকজোড়দের প্রায় নিয়মিতই নামতে দেখা গেছে। তখনো তারা অবশ্য বাঁচতে পারেনি শিকারির গুলিতে। এবারও পারল না। অভিজ্ঞ সেই বৃদ্ধ শিকারি পাখি দুটিকে দেখেছিলেন খুব ভালোভাবে। তাঁর মতে, একটি পাখির বয়স কম। উড়তে শিখেছে বেশি দিন হয়নি। মৃত পাখিটির যাবতীয় মাপজোখ নেওয়া হয়। ওজন পুরোপুরি পৌনে দুই কেজি। দুই বছর আগেও একটি পাখি মারা পড়েছিল দূরের এক গ্রামে। প্রতিবছর এ সময়ে (অগ্রহায়ণ) এলাকায় দু-চারটি মানিকজোড় নজরে পড়ে আজও। ২০১০ সালের ২৪ নভেম্বর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাঁঠালকাইর হাওরে মারা পড়েছিল আরেকটি বড়সড় বিরল পাখি ‘ধূসর সারস’ বা ‘কোড়া সারস’ (Demoiselle Cৎane-100cm)। ওটিও ছিল অপ্রাপ্তবয়স্ক। বড়সড় বিরল পাখিদের বন্দুকের হাত থেকে বাঁচানোর কোনো পথ আমি ব্যক্তিগতভাবে দেখি না এই বাংলাদেশে।