স্বাধীনতার চার দশক পূর্তির বছর পার করছি আমরা। স্বাধীনতার মাস মার্চে এখানে তুলে ধরা হচ্ছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের কতগুলো উল্লেখযোগ্য যুদ্ধ-লড়াই-অভিযানআগস্ট, ১৯৭১। দেশজুড়ে চলছে স্বাধীনতাযুদ্ধ। মুক্তিযোদ্ধারা যেখানেই সুযোগ পাচ্ছেন, পাকিস্তানি বাহিনীকে নাস্তানাবুদ করছেন। আর দেশপ্রেমিক প্রবাসী বাঙালিরা পৃথিবীর যে কোণেই থাকুন, স্বাধীনতাযুদ্ধকে সমর্থন জানাচ্ছেন। এমনই একজন বাঙালি বিমানসেনা মতিউর রহমান। ফ্লাইট লেফটেন্যান্ট। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে শত্রুভূমি পাকিস্তানের বিমানঘাঁটি মশরুরে (করাচিতে) কর্মরত। মতিউর একটা কিছু করতে চাইছিলেন দেশের স্বাধীনতার জন্য। মনে মনে একসময় পরিকল্পনাও করে ফেললেন। সব বাঙালি পাইলটের মতো পাকিস্তানে অবস্থিত মতিউর রহমানকে ইতিমধ্যেই ‘গ্রাউন্ডেড’ করা হয়েছে, অর্থাৎ তাঁদের আর বিমান চালাতে দেওয়া হচ্ছে না। মতিউর রহমানকে ফ্লাইট সেফটি অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এখন তিনি প্রশিক্ষণ ফ্লাইটের প্রশিক্ষক। চালাতে না পারলেও তিনি বিমানের কাছে যেতে পারেন।২০ আগস্ট। মতিউর রহমান সকালবেলা নতুন ইউনিফর্ম পরে নিজের গাড়িতে করেই অফিসে গেলেন। অফিসে বসে তিনি লক্ষ রাখছিলেন পাকিস্তানি শিক্ষানবিশ পাইলট অফিসার রশিদ মিনহাজের ওপর। তাঁর আজ একক ফ্লাইট আছে। বেলা সোয়া ১১টায় রশিদ মিনহাজ তাঁর টি-৩৩ বিমানটি ওড়ানোর অনুমতি নেন। এদিকে মতিউর রহমান তাঁর গাড়ি নিয়ে ট্যাক্সি ট্র্যাকের এক কোনায় অবস্থান নিলেন। রশিদ মিনহাজ বিমান চালু করে তাঁর কাছাকাছি আসতেই মতিউর হাত দিয়ে ইশারা দেন থামার জন্য। বিমানে ত্রুটি আছে মনে করে প্রশিক্ষক মতিউরের ইশারায় থেমে যান মিনহাজ। বিমান থামিয়ে মিনহাজ অক্সিজেনের মাস্ক খোলামাত্রই মতিউর তাঁর নাকে ক্লোরোফর্ম মাখা রুমাল চেপে ধরেন। কিছু বোঝার আগেই পরাস্ত হন মিনহাজ। মতিউর দ্রুত পেছনের ককপিটে বসে বিমানের নিয়ন্ত্রণ নেন। তিনি গাড়িটা এমনভাবে রেখেছিলেন, যেন তা না সরিয়ে কোনো বিমান ধাওয়া করতে না পারে। মিনহাজ পুরোপুরি অচেতন হননি। ঠিক ১১টা ২৮ মিনিটে তিনি ক্ষীণ স্বরে কন্ট্রোল টাওয়ারকে জানান, তাঁর বিমান ছিনতাই হয়েছে। এদিকে মিনহাজের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই ১১টা ৩০ মিনিটে টি-৩৩-কে আকাশে উড়িয়ে নেন মতিউর। লক্ষ্য, সীমান্তের ওপারে ভারতের জামনগর বিমানঘাঁটি। গতি ৩৬০ নটস বা ৬৬৬ কিলোমিটার। পাকিস্তানের রাডারকে ফাঁকি দেওয়া বা ক্ষেপণাস্ত্র আক্রমণ এড়াতে কিংবা ভালোমতো পর্যবেক্ষণের জন্য মতিউর খুব নিচুু দিয়ে বিমান চালাতে থাকেন। অন্যদিকে মিনহাজ কন্ট্রোলকে জানাতে থাকেন যে তাঁর বিমান ছিনতাই হয়েছে।মতিউরের উড়ে যাওয়ার কিছু পরে তাঁকে ধাওয়া করতে চারটি এফ-৮৬ জঙ্গি বিমান পাঠানো হয়।১২ মিনিট ওড়ার পর দুঃসাহসী ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিমান মশরুর বিমানঘাঁটি থেকে ৬৪ নটিক্যাল মাইল দূরে বালুর ঢিবিতে আছড়ে পড়ে ধ্বংস হয়। সীমান্ত তখনো ৩২ মাইল দূরে। বিমানটি তখন ভূমি থেকে মাত্র ৫০ ফুট ওপর দিয়ে উড়ছিল। আর বিমানের ভেতরে এর নিয়ন্ত্রণ নিয়ে ধস্তাধস্তি চলছিল মতিউর রহমান আর রশিদ মিনহাজের মধ্যে। ঘড়িতে তখন বাজছিল ১১টা ৪২ মিনিট। এ ঘটনায় মতিউর রহমান আর রশিদ মিনহাজ উভয়েই মৃত্যুবরণ করেন। গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. আবদুল কুদ্দুস এ সময় মশরুরে ছিলেন। ২০ আগস্টের ঘটনা মুক্তিবাহিনী আর পাকিস্তানিদের মধ্যে যে প্রভাব ফেলেছিল, তা বর্ণনা করেছেন তিনি এভাবে: ২০ আগস্ট মতিউর রহমানের দুঃসাহসিক অভিযান বাংলার মুক্তিকামী মানুষকে করেছিল শিহরিত, মুক্তিযোদ্ধাদের মনোবল উঠেছিল তুঙ্গে; অপরদিকে বর্বর হানাদার বাহিনীর নৈতিক মনোবল দুর্বল হয়ে পড়ে এবং তাদের মধ্যে সৃষ্টি হয় চরম ভয় ও ভীতি।ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্বদেশ থেকে হাজার মাইল দূরে দেশের জন্য শহীদ হলেন। জাতি তাঁকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করেছে।সূত্র: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মারকগ্রন্থ, মিলি রহমান সম্পাদিত।গ্রন্থনা: মুহাম্মদ লুৎ ফুল হক ও তৈমুর রেজা