হায়েরে মাই কি আওয়াতেরোয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি, সোমবারনিউজিল্যান্ডে স্বাগতম!ফেব্রুয়ারির ১ তারিখ অকল্যান্ডে নামলাম নাকি ২ তারিখে! বিমান রানওয়ে ছুঁলো ১ তারিখ রাত ১২টা ছুঁইছুঁই সময়ে। ইমিগ্রেশন পেরোতে পেরোতে সাড়ে ১২টা। ঢাকার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার সময় ধরলে ২২ ঘণ্টারও বেশি পেরিয়ে গেছে এরই মধ্যে। যাত্রা এখনো শেষ হয়নি। অকল্যান্ড থেকে যেতে হবে হ্যামিল্টন। বাসে দুই ঘণ্টার দূরত্ব। কিন্তু বাস তো ছাড়বে সেই সকালে। এই দীর্ঘ পথে নিঃসঙ্গ যাত্রা কী যে ক্লান্তিকর! ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার স্মৃতি মনে করে সান্ত্বনা দিলাম নিজেকে। ২২ ঘণ্টা আর এমন কী! ইমিগ্রেশনের মধ্যবয়সী ভদ্রমহিলা ক্রিকেটের জন্য এসেছি শুনে বেশ কবার ‘গুড, ভেরি গুড’ বলে ফেললেন। ‘বাংলাদেশ ভালো সময়ে এসেছে। নিউজিল্যান্ডের তো লেজেগোবরে অবস্থা’—বোঝা গেল ক্রিকেটের খোঁজখবর ভালোই রাখেন। ‘নিউজিল্যান্ড জিতুক-হারুক, তাতে অবশ্য আমার কিছুই আসে যায় না’—কেন, এ কথা বলছেন কেন? হাসি মুখে চোখ টিপে উত্তর, ‘আমি ইংলিশ, আমার চিন্তা অ্যাশেজ নিয়ে।’ ইচ্ছা ছিল, বিমানবন্দরের কাছাকাছি কোনো একটা হোটেলে রাত কাটিয়ে সকালে হ্যামিল্টনে যাব। কিন্তু কাস্টমস-টাস্টমস পার হয়ে ঘড়িতে দেখি দেড়টা। হোটেলে গিয়ে উঠতে-উঠতে তো রাত প্রায় শেষই হয়ে যাবে! এত সময় লাগল কেন? নিউজিল্যান্ডের কাস্টমসে খুব কড়াকড়ি। কৃষি আর গবাদিপশুর ওপরই দাঁড়িয়ে এই দেশের অর্থনীতি। কে কী নিয়ে ঢুকে যায়, তার সঙ্গে ঢুকে যায় জীবাণু—এ ব্যাপারে তাই কড়া নজরদারি। খাবার-টাবার, গাছ-টাছ একেবারে নিষিদ্ধ। কেউ মিথ্যে বলে ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা। ২০০১ সালে নিউজিল্যান্ডে যেবার প্রথম এসেছিলাম, এক বন্ধু অকল্যান্ডে পড়াশোনা করা তাঁর স্ত্রীর জন্য কাবাব-টাবাব জাতীয় কী যেন সঙ্গে দিয়ে দিয়েছিলেন। বিমানে থাকতেই হুঁশিয়ারি শুনেছি। বিমানবন্দরে নেমে দেখেছি ভয়ালদর্শন কুকুর ব্যাগ শুঁকে বেড়াচ্ছে। আমি প্রমাদ গুনলাম। তাড়াতাড়ি গিয়ে বলে দিলাম, আমার সঙ্গে কিছু খাবার আছে। গ্লাভস পরা হাতে বক্সটা খুলে একনজর শুধু দেখা হলো, তারপরই সব ঢেলে দেওয়া হলো বিনে। আহা রে, কী ভালোবাসার জিনিস, আর সেটির এই পরিণতি! হোটেলে গিয়ে ঘুমালে কি আর ভোরে উঠতে পারব! এর চেয়ে বিমানবন্দরেই কাটিয়ে দেব নাকি বাকি রাতটা! বিমানবন্দর থেকে বাসস্ট্যান্ডে শাটল বাস আছে, চলে যাব সেটিতে। একটা চেয়ারে শরীরটা ছেড়ে দিতেই চোখ জড়িয়ে আসতে চাইল ঘুমে। ঘুম-ঘুম চোখে পড়লাম সামনের দেয়ালের লেখাটা—নাউ মাই হায়েরে মাই কি আওয়াতেরোয়া!নিউজিল্যান্ডের আদিবাসী মাওরিদের ভাষায় ‘নিউজিল্যান্ডে স্বাগতম!’ ২ ফেব্রুয়ারি, মঙ্গলবারআবার হ্যামিল্টনেহ্যামিল্টনে প্রথম এসেছিলাম সেই ২০০১ সালে। নিউজিল্যান্ডে বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল এখানেই। ২০০৭ সালের সফরটাও এখানেই শুরু। সিডরদুর্গতদের সাহায্যার্থে আয়োজিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এবারও সেই হ্যামিল্টনেই শুরু, এবারও প্রথমে টি-টোয়েন্টি। নয় বছর আগে শহরটাকে প্রথম যেমন দেখেছিলাম, এখনো ঠিক তেমনই আছে। শুধু বাংলাদেশ দলে অনেক পরিবর্তন। সেই দলের মোহাম্মদ আশরাফুলই শুধু আছেন এবার। ও হ্যাঁ, আরও দুজন আছেন। তখনকার খেলোয়াড় খালেদ মাহমুদ এখন দলের সহকারী কোচ। আর আছেন এনালিস্ট নাসির আহমেদ। বাংলাদেশ দলের সবচেয়ে পুরনো সদস্য।হোটেলে চেক-ইন করেই মাঠে দৌড়ালাম। লম্বা বিমানযাত্রার পর প্রথম দিনটা একটু ধীরেসুস্থে কাটানোর নিয়ম। কিন্তু এখানে উপায় নেই। কালই খেলা শুরু, প্রিভিউ পাঠাতে হবে। দুই অধিনায়কের প্রেস কনফারেন্সও আছে। বাংলাদেশে প্রেস কনফারেন্স বলতে যেমন জনারণ্য, এখানে মোটেই তা নয়। নিউজিল্যান্ডের তিন/চার জন সাংবাদিকের সঙ্গে বাংলাদেশের দুজন। প্রেস কনফারেন্স শেষ করে দেখি, আর পারছি না। শরীর ভেঙে আসছে। হোটেলে ফিরে আগে একটা ঘুম দিতে হবে, তারপর লেখালেখি। নিউজিল্যান্ডে এই সুবিধাটা আছে। বাংলাদেশ সাত ঘণ্টা পিছিয়ে। হাতে অফুরন্ত সময়। ভোর চারটার মধ্যে লেখা পাঠালেও সেটি পরের দিনের পত্রিকায় ধরানো যায়। ডেডলাইনের চাপ ছাড়া লেখা হয় না—আমার মতো এমন কারও জন্য অবশ্য এর খারাপ দিকও আছে। সময় তো আছেই, ভেবে ঢিলেমি। নিউজিল্যান্ড মানেই তাই নির্ঘুম রাত। দেখি, এবার অভ্যাসটা বদলাতে হবে। কতবার এই প্রতিজ্ঞা করলি রে শয়তান! ৩ ফেব্রুয়ারি, বুধবারধেত্, টি-টোয়েন্টি!মার্ক গ্রেটব্যাচের কথা মনে আছে? ওই যে ১৯৯২ বিশ্বকাপে ওপেন করতে নেমে ঝড় তুলতেন! বিশালদেহী গুঁফো লোকটা রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন বোলারদের। একটা জায়গায় প্রাপ্য স্বীকৃতিটা অবশ্য পাননি। ওপেনিংয়ের ধ্যানধারণা বদলে দিয়ে ওয়ানডে ক্রিকেটে বিপ্লবের সূচনা করার কৃতিত্বটা সনাত্ জয়াসুরিয়া ও রুমেশ কালুভিতারানাকেই দেন সবাই। কিন্তু মার্ক গ্রেটব্যাচ তো আগের বিশ্বকাপেই করে গেছেন এমন। কেউ অবশ্য বলতে পারেন, কৃষ্ণামাচারী শ্রীকান্ত তো করেছেন আরও আগে। তবে কী ওয়ানডে-কী টেস্ট, শ্রীকান্তের ব্যাটিংটাই ছিল ওরকম মার-মার-কাট-কাট। ক্রিকেটে ডিফেন্স বলে যে কোনো ব্যাপার আছে, তাঁর ব্যাটিং দেখে তা বোঝার উপায় ছিল না। বল মানেই মারো। শ্রীকান্ত অবশ্য একটু শুধরে দিয়েছিলেন। ২০০৩ বিশ্বকাপের সময় দেখা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। সব বলেই ব্যাট চালানোর প্রসঙ্গ তোলায় বলেছিলেন, ‘এটা ঠিক নয়। আমি কখনো আউট সুইঙ্গারে মারতাম না।’ শ্রীকান্তের ব্যাপারটা ছিল সহজাত। ট্যাকটিক্যাল উদ্ভাবন হিসেবে ওপেনারের ওভার দ্য টপ মারাটা গ্রেটব্যাচই প্রথম শুরু করেন। শ্রীকান্তের সঙ্গে পার্থক্য ছিল, ওয়ানডেতে অমন মারকাটারি গ্রেটব্যাচ টেস্ট ম্যাচে নিজেকে বদলে ফেলতেন। একবার নিশ্চিত পরাজয়ের মুখে প্রায় ১১ ঘণ্টা ব্যাটিং করে পার্থে রুখে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে।তা হঠাত্ গ্রেটব্যাচের এমন স্মৃতিচারণ কেন? এত সব মনে পড়ল, টি-টোয়েন্টি ম্যাচের আগে নিউজিল্যান্ড দলের সঙ্গে গ্রেটব্যাচকে দেখে। অক্টোবরে অ্যান্ডি মোলসের বিদায়ের পর কোচের সন্ধানে অনেকের ইন্টারভিউ নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। শেষ পর্যন্ত ইন্টারভিউ না দিয়েই কোচ হয়ে গেছেন গ্রেটব্যাচ। নিউজিল্যান্ড দলে ভেট্টোরি-গ্রেটব্যাচ কে কাকে চালাবেন—এ নিয়ে অবশ্য বিস্তর জল্পনা-কল্পনা স্থানীয় মিডিয়ায়। ভেট্টোরি অন্যতম নির্বাচক, গ্রেটব্যাচও। তাই নিউজিল্যান্ডের বাকি খেলোয়াড়দের তো একটা পা ফেলার আগে ১০০ বার চিন্তা করতে হবে!টি-টোয়েন্টিতে বাংলাদেশ গো-হারা হারার পর প্রেস কনফারেন্সে যাচ্ছি, মিডিয়া গেটের সদা হাস্যময় বুড়ি সান্ত্বনা দিলেন, ‘টেস্টে দেখা হবে। তখন বাংলাদেশ অনেক ভালো খেলবে।’ আমি হেসে বললাম, ‘ঠিক বলেছ। আমরা সত্যিকার টেস্ট প্লেয়িং নেশন। টি-টোয়েন্টি কোনো ক্রিকেট নাকি! ফালতু খেলা!’ বুড়ির দাবি, বাংলাদেশ জেতেনি বলে নাকি আমি অমন বলছি। অন্তর্যামী!৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবাররোকনের সঙ্গে দেখাহ্যামিল্টন থেকে বাসে নেপিয়ারে। ১১টা ২৫ মিনিটে বাস ছাড়ল, পথে দুবার বিরতি দিয়ে নেপিয়ারে পৌঁছল ৫টার দিকে। মাঝখানে অবশ্য বাসও বদলাতে হয়েছে। নেপিয়ারে বাংলাদেশ দল উঠেছে টে পানিয়া হোটেলে। সেখানেই উঠে একটু শহরটা দেখতে বের হলাম। হোটেলের সামনেই সাগর। সৈকতে অবশ্য বালুর বদলে কালোপাথরের রাজত্ব। সাগরের পার ঘেঁষে দীর্ঘ ওয়াকওয়ে। বাঁয়ে সাগর, ডানে বড় রাস্তা। মাঝখানে একটু পরপরই ফুলের বাগান। ছবির মতো সাজানো-গোছানো সব।হোটেলে ফিরতেই দেখি পরিচিত এক মুখ। আল-শাহরিয়ার রোকন। দুই বছর ধরে নিউজিল্যান্ড প্রবাসী। দেখা করতে এসেছেন বাংলাদেশ দলের সঙ্গে। স্থানীয় হ্যাভেলক নর্থ ক্লাবে খেলতে এসেছিলেন, খেলে যাচ্ছেন এখনো। প্লেয়ার কাম কোচ। কোচিং করান স্থানীয় দুটি স্কুলেও। স্ত্রী ও দুই সন্তান নিয়ে নেপিয়ারের শহরতলি টেরাডেলে থাকেন। এই নিউজিল্যান্ডেই বাংলাদেশের পক্ষে ফার্স্টক্লাস ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন রোকন, সেই নিউজিল্যান্ডই কীভাবে কিভাবে তাঁর ঠিকানা হয়ে গেল! ভালোই আছেন বলে দাবি করলেন রোকন। এখানে নাকি খেলে খুব মজা, খেলাটাকে সবাই শুধু উপভোগ করার মাধ্যম হিসেবেই দেখে। কিন্তু আক্ষেপ হয় না? এই যে বাংলাদেশ এখানে খেলতে এল, এই দলে তো তিনিও থাকতে পারতেন! তিনি তাঁর প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় সেই প্রতিভার বিচ্ছুরণ দেখল কোথায়!রোকনের জন্য খুব স্পর্শকাতর জায়গা। ‘কটি টেস্ট খেলেছেন, মনে আছে?’—জিজ্ঞেস করায় তাই উদাসীন ভঙ্গিতে জবাব দেন, ‘কি জানি! বোধ হয় ১৫/১৬টা!’ রোকনের ব্যাটিং খুব পছন্দ করতাম, তাঁকে নিয়ে অনেক লিখিছিও। আবারও কিছু লিখতে যাচ্ছি বুঝতে পেরে রোকন নিরুত্সাহিত করার চেষ্টা করলেন, ‘আরে বাদ দেন তো! আমাকে নিয়ে আর কিছু লিখবেন না। কী হবে লিখে?’ ৫ ফেব্রুয়ারি, শুক্রবারঅর্ধেক নিউজিল্যান্ড-অর্ধেক বাংলাদেশপ্রথম ওয়ানডেতে দুই ইনিংসের বিরতির সময় বাইরে বেরিয়েছি। মাঠের পাশে ফাস্টফুডের দোকান থেকে বার্গার কিনে ফিরছে ১০/১১ বছরের ছেলেটি। দেখে চমকে গেলাম। মাথায় ব্ল্যাক ক্যাপসের টুপি, গায়ে বাংলাদেশের ওয়ানডে জার্সি। ঘটনা কী? কিউই কিশোর বাংলাদেশে মজল কীভাবে? সেই কৌতূহল মেটাতেই এগিয়ে গিয়ে কথা বললাম। নাম ব্রায়ান চ্যাম্পিয়ন। গায়ে বাংলাদেশের জার্সি, ‘তুমি কি বাংলাদেশকে সাপোর্ট করছ নাকি?’ ব্রায়ান চ্যাম্পিয়নের জবাব, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড দুদলকেই।’ কেন, বাংলাদেশের প্রতি এমন টান কেন? জার্সিটাই বা কে কিনে দিল? কিনে দিয়েছেন ব্রায়ানের কোচ। এবার তো আরও বিস্মিত হওয়ার পালা। বিস্ময়ের উত্তর পাওয়া গেল যখন ব্রায়ান জানাল, তাঁর কোচের নাম রোকন!