হিউম্যান রাইটসের প্রতিবেদন মনগড়া ও উদ্দেশ্যমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে র‌্যাব। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র‌্যাব ভেঙে দেওয়ার সুপারিশ করে। গতকালই সকালে হিউম্যান রাইটস ওয়াচের সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিকেলে সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, ‘এ মনগড়া প্রতিবেদন প্রত্যাখ্যান করছে র‌্যাব। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং অপরাধী ও জঙ্গিবাদ উৎসাহিত করতে দেশের কিছু ভুঁইফোড় মানবাধিকার সংগঠনের সহায়তায় হিউম্যান রাইটস ওয়াচ এ ধরনের উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।’এম সোহায়েল বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিডিআর বিদ্রোহে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন করেছে র‌্যাব। কিন্তু বিডিআর বিদ্রোহের মামলার তদন্তভার র‌্যাবের ওপর ছিল না। তাই বিডিআর বিদ্রোহের কোনো সন্দেহভাজন ও অভিযুক্তকে হেফাজতে নেওয়ার প্রশ্নই আসে না। এ ধরনের প্রতিবেদন প্রকাশের আগে বিষয়টি যাচাইয়ের জন্য র‌্যাবের কোনো বক্তব্যও নেওয়া হয়নি বলে উল্লেখ করেন এম সোহায়েল।এম সোহায়েল মন্তব্য করেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে বিদেশি সংস্থার এভাবে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রাথমিকভাবে আমরা প্রতিবাদ জানালাম। এরপর লিখিতভাবে প্রতিবাদ জানাব। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’র‌্যাবের মধ্যে থাকা সামরিক বাহিনীর সদস্যদের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে নানা অভিযোগ তোলা হয়েছে। এ সম্পর্কে এম সোহায়েল বলেন, ‘তাহলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কী? বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অভিজ্ঞতা নিয়েই আমরা র‌্যাবে কাজ করছি। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তিই নেই।’সোহায়েল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব যে কাজ করেছে, এ নজির পৃথিবীর অন্য কোথাও নেই। অল্প সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের কারণে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরদিকে জঙ্গি, অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসের পৃষ্ঠপোষকেরা ভীত এবং ক্ষুব্ধ হয়েছেন। তাঁরাই জনগণের কাছে র‌্যাবের ভাবমূর্তি নষ্টের জন্য ক্রমাগতভাবে চেষ্টায় লিপ্ত।’ ক্রসফায়ারের বিষয়ে সোহায়েল বলেন, ‘আইনবহির্ভূতভাবে কাউকে হত্যা করার এখতিয়ার কারও নেই।’