স্বরাষ্ট্র মন্ত্রণালয়-বিজিবির প্রতিবাদ, এইচআরডব্লিউ অনড়
হিউম্যান রাইটসের প্রতিবেদনে ক্ষুব্ধ চার মন্ত্রী
বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন এবং সংবাদ সম্মেলনকে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ’ বলে মনে করে সরকার। আর তাই ওই প্রতিবেদন এবং সংবাদ সম্মেলনের বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ‘প্রতিবাদলিপিতে’ বলা হয়, গত বুধবার প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে যেসব অভিযোগ আনা হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) এক বিবৃতিতেও এই প্রতিবেদনটিকে বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, এইচআরডব্লিউর প্রতিবেদন অসত্য ও অমূলক। প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রকাশিত প্রতিবেদনে যেসব অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা ভিত্তিহীন ও বানোয়াট। বাস্তবে অভিযুক্তরা আইনজীবী নিয়োগ, আত্মপক্ষ সমর্থনসহ আইনগত সব সুযোগ সুবিধাই পাচ্ছে। এমনকি আদালতে আসামিদের আত্মীয়স্বজন এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত থাকেন। আর প্রতিবেদনে র্যাব সম্পর্কে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তাও ভিত্তিহীন। র্যাব এই মামলার কোনো পর্যায়েই সম্পৃক্ত নয়।’প্রতিবাদপত্রে বলা হয়, ‘সরকার মনে করে, এ ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। সরকার আশা করে যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদন ও বক্তব্য প্রত্যাহার করবে, যাতে জঘন্য ও মর্মান্তিক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা যায়।’বিজিবির প্রতিবাদ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর এই প্রতিবেদনকে অবিবেচনাপ্রসূত এবং বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, ‘বিডিআর বিদ্রোহের বিচার স্থগিত করার যে দাবি জানানো হয়েছে তাতে বিজিবি সদর দপ্তর বিস্মিত ও উদ্বিগ্ন। দেশের প্রচলিত আইন সম্পর্কে জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি, বিজিবির মতো একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্যদের নৈতিক মনোবলে আঘাত করা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা এসব উদ্দেশ্যেই বিচার স্থগিত করার এই অপচেষ্টা।’ প্রতিবাদে বলা হয়, ‘সব আসামি জেল কোড-১৯২৬ অনুযায়ী কারা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন এবং জেল কোড অনুসারেই সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ ছাড়া হেফাজতে থাকাকালীন কয়েকজন আসামির মৃত্যু সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তাকে অতিরঞ্জিত বলে মনে করে বিজিবি। স্বাস্থ্যগত অসুস্থতা, বার্ধক্যজনিত ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা হাসপাতালে মারা গেছে।’ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রীর্যাব ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলার জন্য এইচআরডব্লিউ যে সুপারিশ করেছে সেটি ঠিক হয়নি বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আর্মড পুলিশের ১১ ইউনিটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘শুধু সরকার নয়, সারা দেশের জনগণ র্যাবের জঙ্গি দমনে ও সন্ত্রাস দমনে কার্যকলাপকে ধন্যবাদ ও বাহবা দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এ রকম হস্তক্ষেপ করা সমীচীন হয়নি।’আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘দেশ যখন ঠিকমতো এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার যখন সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে, তখন কেন এ অপপ্রচার তা বুঝতে হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন ও র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান।উদ্দেশ্যপ্রণোদিত দাবি আইনমন্ত্রীরহিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। একই সঙ্গে ভবিষ্যতে এমন ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ না করতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। এর আগে এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্ শেষে মন্ত্রী র্যাব ভেঙে দেওয়ার পরামর্শ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘র্যাবকে ভেঙে দেব না র্যাবের কার্যক্রম অব্যাহত রাখব, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার।’প্রতিবেদনকে সঠিক মনে করে এইচআরডব্লিউপ্রকাশিত প্রতিবেদনটিকে সঠিক বলে দাবি করেছেন এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস। গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যথেষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এটি কোনোভাবেই উদ্দেশ্যপ্রণোদিত বা পক্ষপাতমূলক নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও নেই।’অ্যাডামস বলেন, ‘বাংলাদেশের মানুষ জানে র্যাব কী করে। র্যাব না পড়েই এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছে। তাদের উচিত প্রতিবেদনটি ভালোভাবে খতিয়ে দেখা।’গত বুধবার ‘ভয় আমাকে ছাড়ছে না: ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর নির্যাতন, হেফাজতে মৃত্যু ও অবিচার’ শীর্ষক ৫৭ পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বিডিআর বিদ্রোহের পর সন্দেহভাজন আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের বিবরণ নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া শত শত সন্দেহভাজন ব্যক্তির বিচার করতে গিয়ে ন্যায়বিচারের বিধানগুলো লঙ্ঘন করা হচ্ছে দাবি করে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবকে ‘কুখ্যাত’ দাবি করে এসব নির্যাতনের অনেকগুলো ঘটনার সঙ্গে র্যাব যুক্ত বলে সংস্থাটি অভিযোগ করেছে।