হিগস-বোসন মিলেছে: সার্ন নিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক গবেষণার জন্য ইউরোপীয় সংস্থা (সার্ন) আজ বৃহস্পতিবার জানিয়েছে, গত বছর বিজ্ঞানীরা অতিশক্তিশালী কণা ত্বরিতকরণ স্থাপনায় (লার্জ হ্যাড্রন কোলাইডার) গবেষণা করার সময় যে কণাটি প্রথমবারের মতো খুঁজে পেয়েছিলেন, সেটি যে ‘হিসগ-বোসন’ কণা, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। রয়টার্স আজ জানিয়েছে, এ কণাটির জন্যই পরমাণুর ভর অনুভূত হয় বলে ধারণা করা হয়। ১৯৬০-এর দশকে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এ কণার অস্তিত্ব বিষয়ে আনুমানিক সিদ্ধান্তে পৌঁছেছিলেন।গত বছরের ৪ জুলাই যুক্তরাজ্য ও জেনেভায় দুটি পৃথক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, তাঁরা যে কণাটি খুঁজে পেয়েছেন, সেটির সঙ্গে হিগস-বোসন কণার বৈশিষ্ট্যের যথেষ্ট মিল আছে। তবে নতুন আবিষ্কৃত কণাটি যে হিগস-বোসন কণা, তা বিজ্ঞানীরা দৃঢ়ভাবে দাবি করেননি। কণাটি হিগস-বোসন কি না, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন তাঁরা। এরপর বিজ্ঞানীরা অতিশক্তিশালী কণা ত্বরিতকরণ স্থাপনায় তিন বছর ধরে গবেষণার সময় যেসব তথ্য পেয়েছিলেন, তা খতিয়ে দেখেন এবং সিদ্ধান্তে পৌঁছান।সার্ন কর্তৃপক্ষ আজ বলেছে, নতুন পাওয়া কণার বৈশিষ্ট্য এবং অন্য কণার সঙ্গে এটির সম্পর্ক দেখে বোঝা যাচ্ছে এটি হিগস-বোসন।জেনেভা শহরের দক্ষিণে সার্নের কার্যালয়ে এক পদার্থবিজ্ঞান সম্মেলনে কণাটির অস্তিত্ব প্রমাণে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়। অতিশক্তিশালী কণা ত্বরিতকরণ স্থাপনায় বিজ্ঞানীদের যে দলটি (সিএমএস) হিসগ-বোসন কণা নিয়ে কাজ করছিল, সেটি এসব তথ্য উপস্থাপন করে।সিএমএসের মুখপাত্র জো ইনক্যান্ডেলা বলেন, ‘২০১২ সালের যেসব প্রাথমিক তথ্য আমাদের হাতে আছে, সেগুলো বিস্ময়কর। এটা নিশ্চিত যে, এখন আমরা হিগস-বোসন কণা নিয়ে কাজ করছি। তবে এটা ঠিক কী ধরনের হিগস-বোসন, সেটি নিশ্চিত হতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে।’ সার্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিগস-বোসন কণাগুলো কেবলই কণা কি না, নাকি আরও বিস্ময়কর কিছু, তা জানতে আরও গবেষণার প্রয়োজন আছে। বিশ্বব্রহ্মাণ্ডের কণাগুলো একেবারে নিজ নিজ অবস্থানে কীভাবে কাজ করে এবং ৩০ বছরের পুরোনো ব্রহ্মাণ্ড-মডেলকে কতটুকু যৌক্তিতা দেয়, তা জানতে অপেক্ষা করতে হবে অনেক দিন।