হিজড়াদের উপবৃত্তি ও প্রশিক্ষণ দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়া শিক্ষার্থীদের উপবৃত্তি ও কর্মক্ষম হিজড়াদের আয়বর্ধক প্রশিক্ষণ দেবে সরকার। পাইলট কর্মসূচির আওতায় সাতটি জেলায় এ কর্মসূচি পরিচালিত হবে।আজ মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এই কর্মসূচির জন্য বর্তমান অর্থবছরে বাজেট রাখা হয়েছে ৭২ লাখ ১৭ হাজার টাকা। বর্তমান অর্থবছরেই ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ও ৩৫০ জন কর্মক্ষম হিজড়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মসূচিটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, দিনাজপুর, পটুয়াখালী ও বগুড়ায় পরিচালিত হবে।আলোচনা সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হিজড়া সম্প্রদায়। তারা নিরাপদ আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। পুনর্বাসনের মাধ্যমে সমাজের স্বাভাবিক ধারায় তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে মূল প্রবন্ধ পড়ে শোনান হিজড়াদের নিয়ে কর্মরত সংগঠন লোসাউকের চেয়ারম্যান নাজমুল আহসান। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির পরিচালক নূরুন নাহার বেগম।আলোচনা সভার আগে নগরের বেতার ভবনের সামনে থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এতে নেতৃত্ব দেন। পরে হিজড়া সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়।