ধর্মভিত্তিক গোপন সংগঠন হিজবুত তওহিদের নতুন ইমামকে মানতে রাজি না হওয়ায় সংগঠনের এক সদস্য খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম খালেদ মাহমুদ ওরফে মিঠু (৩০)। তিনি গুলশানের একটি প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরি করতেন।পারিবারিক সূত্র জানায়, ১৫ এপ্রিল বরিশালের আগৈলঝাড়ায় একই সংগঠনের প্রতিপক্ষের হামলায় আহত খালেদ মাহমুদ গতকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান।খালেদের মৃত্যুর খবর পেয়ে ভাটারা থানার পুলিশ অ্যাপোলো হাসপাতালে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, ‘খালেদ হিজবুত তওহিদের সদস্য ছিল বলে আমি শুনেছি। এ ব্যাপারে বরিশালের আগৈলঝাড়া থানায় মামলা হবে।’ নিহত খালেদের বাবা ফজলুল হক প্রথম আলোকে বলেন, তাঁর বাসা সাভারে হলেও কর্মস্থলে যাওয়ার সুবিধার্থে খালেদ কয়েক বন্ধুসহ রাজধানীর কাঁটাবনে ভাড়া বাসায় থাকতেন। খালেদ ১৪ এপ্রিল রাতের বাসে তিন বন্ধুসহ বরিশালের আগৈলঝাড়ার দত্তেরাবাদে মামার বাড়ি যান। এই চারজনই হিযবুত তওহিদের সদস্য। তাঁরা পরদিন ১৫ এপ্রিল বিকেলে আবার ঢাকার বাস ধরতে টেম্পোযোগে মাহিলারা এলাকার দিকে রওনা হন। পথে আরেকটি টেম্পো ও দুটি মোটরসাইকেলে আসা কিছু যুবক তাঁদের গতি রোধ করেন। ওই যুবকেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে অন্য একটি গ্রামে নির্জন স্থানে নিয়ে যান এবং পিটিয়ে গুরুতর জখম করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের বরিশাল মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় আনা হয়। ফজলুল হক বলেন, তিন মাস আগে হিযবুত তওহিদের প্রধান (ইমাম) বায়েজীদ খান পন্নী মারা যান। তাঁর স্থলে আরেকজন ইমাম নিযুক্ত হন। নতুন ইমামকে মানা না-মানা নিয়ে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। খালেদরা ছিলেন নতুন ইমামকে না মানার দলে। তিনি বলেন, নতুন ইমামকে অমান্যকারীদের জোর করে মানানোর নির্দেশ ছিল সংগঠনের উচ্চপর্যায় থেকে। এরই অংশ হিসেবে তাঁর ছেলের ওপর হামলা হয়েছে বলে ফজলুল হক দাবি করেন। তবে তিনি হিযবুত তওহিদের নতুন ইমামের নাম জানেন না বলে দাবি করেন।খালেদ বরিশাল কেন গিয়েছিলেন, এ প্রশ্নের জবাবে তাঁর বাবা বলেন, ‘আমি জানি না। তবে তাঁকে যেতে নিষেধ করেছিলাম।’ মুঠোফোনে যোগাযোগ করলে আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী ওই হামলার সত্যতা নিশ্চিত করেন। তবে কারা, কেন হামলা করেছে তা তিনি জানাতে পারেননি। পরিবার থানায় অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে বলে ওসি জানান।