হিজবুত তাহরিরের পক্ষে প্রচারণা চালানোয় শিক্ষার্থীসহ আটক দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের পক্ষে প্রচারণার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীসহ দুজনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে সিলেট শহরের লামা বাজার এলাকা থেকে আটক করার পর আজ দুপুরে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।পুলিশ জানায়, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুজ্জামান ও সিলেট মদনমোহন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুব ইকবাল হিজবুত তাহরিরের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ দল তাঁদের প্রচারপত্রসহ লামা বাজার এলাকা থেকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে নিষিদ্ধ জিহাদি বই ও উসকানিমূলক প্রচারপত্র উদ্ধার করা হয়। গত বছরের ৫ ফেব্রুয়ারি পুলিশ একই অভিযোগে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করেছিল এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছিল বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’ সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খায়রুল ফজল বলেন, আজ দুপুরে অভিযুক্ত ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।