হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে বিস্ফোরণ, নিহত ৯
লেবাননের রক্ষণশীল ইসলামপন্থী সংগঠন হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে বিস্ফোরণের ঘটনায় চার সিরীয় নাগরিকসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল বুধবার লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় এ বিস্ফোরণ ঘটে। হিজবুল্লাহ, এর সদস্য ও একজন নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ‘হিন্দুস্তান টাইমস’ অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।হিজবুল্লাহর নিজস্ব টেলিভিশন চ্যানেল আল-মানার প্রচারিত বিবৃতি থেকে জানা যায়, গতকাল বেকা উপত্যকায় সিরিয়ার সীমান্তসংলগ্ন নাবিশিত ও খোদর গ্রামের মধ্যবর্তী এলাকায় তাদের অস্ত্র, গোলা-বারুদের ভান্ডারে এ বিস্ফোরণ ঘটে। এতে নয়জন নিহত হয়। এর মধ্যে হিজবুল্লার তিনজন সদস্য ও চারজন সিরীয় অভিবাসীও মারা যান। ওই এলাকাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।এর আগে গত সোমবার হিজবুল্লাহর সামরিক শাখার জ্যেষ্ঠ নেতা আলি হুসেইন নাসিফকে বেকা উপত্যকায় সমাহিত করা হয়েছে। জিহাদি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিহত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি সিরিয়ায় মারা গেছেন বলে দাবি করেছে সিরিয়ার বিদ্রোহী সেনারা।