হিটলার বেঁচে থাকলে বিএনপিকে ভাড়া করতেন
প্রধান বিরোধী দল বিএনপিকে ‘মিথ্যা বলায় চ্যাম্পিয়ন দল’ হিসেবে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘দলটির চেয়ারপারসনসহ নেতাদের মিথ্যা ভাষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, হিটলার বেঁচে থাকলে মিথ্যা বলার জন্য বিএনপিকে তিনি ভাড়া করতেন।’আজ রোববার বিকেলে দিনাজপুর স্টেশন ক্লাবে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু স্বামী হত্যার বিচার করেননি। তাই যুদ্ধাপরাধীদের বিচার না চেয়ে তাদের পক্ষ নেওয়া আপনার পক্ষেই সম্ভব।’দেশের জনগণের উদ্দেশে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৪১ বছরের মধ্যে আওয়ামী লীগ মাত্র সাড়ে ১২ বছর ক্ষমতায় ছিল। মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ ২৫ বছর, ভারতে কংগ্রেস ৫০ বছর ক্ষমতায় ছিল। সিঙ্গাপুরবাসী লিকুয়ানকে বারবার নির্বাচিত করে সরকার পরিচালনায় দায়িত্ব দিয়েছিল বলেই সিঙ্গাপুর উন্নত দেশে পরিণত হয়েছে। আপনারাও আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দিন।’মোহাম্মদ নাসিম বলেন, ‘গত আওয়ামী লীগ সরকারের আমলে টেলিযোগাযোগমন্ত্রী থাকাকালে ফ্রিকোয়েন্সির ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চারটি মোবাইল কোম্পানিকে কাজ দেওয়ার উপায় ছিল। আন্তর্জাতিক দরপত্র অনুযায়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণফোন কোম্পানি পঞ্চম স্থানে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে একটি মোবাইল কোম্পানিকে বঞ্চিত করে গ্রামীণফোনকে কাজ দেওয়া হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো, ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের সেই অবদানের কথা ভুলে গেছেন।’আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘কী পেলাম আর কী পেলাম না, এই চিন্তা করবেন না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে আর আওয়ামী লীগ সরকারে না থাকলে আমাদের সবার কী হবে, ভেবে দেখুন। আমাদের সবার দায়িত্ব হবে একাত্তরের ঘাতকদের বিচার করা। ২০১৪ সালে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করা।’ সব ধরনের বিভেদ ভুলে একমত ও একজোট হয়ে কাজ করতে তিনি দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারের সবচেয়ে বড় অর্জন দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেওয়া। দলের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘নাগিনিরা ফণা তুলেছে। গণতন্ত্রের বিপর্যয় ঘটাতে চায়। সব ষড়যন্ত্র রুখতে হবে। নীরব বিপ্লব ঘটাতে হবে। সব দলাদলি ও বিরোধের অবসান ঘটাতে হবে।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ফজলে রাব্বী চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাংসদ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-১ (কাহারোল বীরগঞ্জ) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম, দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।