হিথ্রো বিমানবন্দরের যাত্রীতল্লাশি মানবাধিকার ও আইনের লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরীয় যুবকের যুক্তরাষ্ট্রের বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা জানাজানি হয়ে যাওয়ার পর গোটা পশ্চিমা বিশ্বে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ শুরু করেছে। এরই অংশ হিসেবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাত্রীদের তল্লাশির জন্য নতুন এক ধরনের স্ক্যানার স্থাপন করা হয়েছে। এর সাহায্যে যাত্রীদের পোশাকের ভেতরের অংশও মনিটরে ফুটে উঠবে। এতে কোনো যাত্রী যদি তাঁর পোশাকের ভেতরেও কোনো ক্ষতিকর উপাদান বহন করেন, তা ধরা পড়ে যাবে। তবে হিথ্রো বিমানবন্দরের এই নতুন স্ক্যানার স্থাপনের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়ে গেছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই স্ক্যানারের সাহায্যে একজন যাত্রীর শরীরের ভেতরের অংশ মনিটরে দেখা যাওয়া ব্রিটেনের পর্নো আইনের পরিপন্থী।ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ‘হিথ্রো ও ব্রিটেনের অন্যান্য বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই নতুন ব্যবস্থার প্রচলন করা হয়েছে।’এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই নতুন ব্যবস্থার নিন্দা জানিয়েছে। ব্রিটেনের শিশু-অধিকারসংক্রান্ত একটি সংস্থার পরিচালক টেরি ডাউটি অভিযোগ করেছেন, এই নতুন স্ক্যানিং যন্ত্রে শিশুদের শরীরের ছবি মনিটরে উঠবে, যা শিশুদের জন্য যে পর্নো আইন রয়েছে তার মারাত্মক লঙ্ঘন। এদিকে ব্রিটেনের বিখ্যাত গার্ডিয়ান পত্রিকা বিভিন্ন মানবাধিকার সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে, এই নতুন ব্যবস্থা নাগরিক অধিকারকে ব্যাহত করবে। এর মাধ্যমে একজন যাত্রী সে পুরুষ, নারী কিংবা শিশু হোক, তার পোশাকের ভেতরের ছবি অন্যরা দেখতে পারবে—এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। গার্ডিয়ান পত্রিকা আরও বলেছে, কারোরই তল্লাশির নামে একজন মানুষের পোশাকের অভ্যন্তরের পুরো শরীরের ছবি মনিটরে ফুটিয়ে তোলার অধিকার নেই। এটা অশ্লীল একটা ব্যাপার। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্ক্যানিং যন্ত্রগুলো যারা নিয়ন্ত্রণ করবে তাদের একটি নির্দিষ্ট আচরণবিধির অধীনে আনা হবে। এই যন্ত্রটি ব্যবহার করে যারা যাত্রীদের তল্লাশি করবে তারা যেন যাত্রীদের চেহারা দেখতে না পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ছবিগুলো যেন পরে মেমোরি থেকে সরিয়ে দেওয়া হয় সে ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।