হিনাকে নিয়ে গুজব প্রত্যাখ্যান স্বামীর
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের স্বামী ফিরোজ গুলজার বলেছেন, তাঁর স্ত্রীকে হেয়প্রতিপন্ন করতেই গুজব ছড়ানো হচ্ছে। তিনি দাম্পত্য সম্পর্কে ভাঙন নিয়ে গুজবকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানি সংবাদভিত্তিক টিভি চ্যানেল জিও আজ বৃহস্পতিবার জানায়, স্ত্রীর বিরুদ্ধে প্রচারণাকে ‘জঘন্য’ বলেছেন গুলজার। তিনি বলেন, এ ধরনের ‘আবর্জনামার্কা’ কথাবার্তার স্থান নেই কোথাও। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এসব কথাবার্তা নিয়ে কোনো মন্তব্য করবেন না বলেও জানান তিনি। পিটিআইয়ের খবরে বলা হয়, অখ্যাত বাংলাদেশি একটি ট্যাবলয়েড হিনার সঙ্গে বিলাওয়াল ভুট্টোর সম্পর্কের খবর প্রকাশের পর থেকেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দাম্পত্য সম্পর্কের পরিণতি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। এ ব্যাপারে গুলজার বলেন, তাঁর এক আত্মীয়ের কাছে ওই প্রতিবেদনগুলো সম্বন্ধে তিনি জেনেছেন। গুলজার দাবি করেন, সেই আত্মীয় তাকে জানিয়েছে, ইন্টারনেটে সহজলভ্য প্রতিবেদনগুলো ‘পাঠের যোগ্য নয়’। ওই প্রতিবেদনগুলোর ভাষ্য সম্বন্ধে বিস্তারিত জানেন না বলেও স্বীকার করেছেন তিনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কোচ্ছেদের গুজবের বিষয়ে জিজ্ঞেস করা হলে গুলজার বলেন, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। তিনি আরও বলেন, গুজব রটানো লোকজন তাঁর দুই মেয়ে সন্তানকেও ঘটনার মধ্যে টেনে এনেছেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া হিনা গুজবের ব্যাপারে বলেছেন, এ ধরনের ‘ঘৃণ্য’ ব্যাপার নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না।