হিনার ফোন কলের বিবরণ চেয়েছেন স্বামী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের ফোন কলের বিস্তারিত বিবরণ চেয়ে তাঁর স্বামী একটি আবেদন করেছেন। আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয় বলে জি নিউজ অনলাইনের খবরে জানানো হয়।বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টোর মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে। এখন তাঁরা ঘর বাঁধতে চান সুদূর সুইজারল্যান্ডে। প্রেসিডেন্ট ভবনে হিনা ও বিলাওয়ালকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর পরই প্রেমের ব্যাপারটি জানাজানি হয়ে যায়। বিলাওয়ালের জন্মদিনে হিনা একটি বার্তাসহ কার্ড পাঠান। কার্ডে হিনা নিজ হাতে লেখেন, ‘আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শিগগিরই আমরা এক হতে যাচ্ছি।’পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নানাভাবে দুজনকে বিরত রাখার চেষ্টা করলেও তাঁরা তা মানছেন না। বিলাওয়াল তাঁর বাবাকে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে পিপিপির প্রেসিডেন্টের পদ ছেড়ে দেবেন তিনি।বিলাওয়ালের চেয়ে ১১ বছরের বড় হিনা। অনন্যা ও দিনা নামের দুটি সন্তান আছে হিনার। এই প্রেমের জন্য হিনা কোটিপতি ব্যবসায়ী স্বামী ফিরোজ গুলজারকে তালাক দেওয়ার চিন্তা করছেন।এ খবর প্রকাশিত হওয়ার পর ফিরোজ গুলজার তাঁর স্ত্রী হিনার ফোন কলের বিস্তারিত বিবরণ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে একটি আবেদন জানিয়েছেন।