হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষে ভারতের রাষ্ট্রপতি প্রণব
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মনে করেন, ভারতের বিভিন্ন দপ্তরে হিন্দি ও আঞ্চলিক ভাষার ব্যবহার বাড়ানো উচিত। তিনি বলেন, ভাষা সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ রক্ষা করে বলে গণতন্ত্রে তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘হিন্দি দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানী দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘গণতন্ত্রে ভাষার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটি সরকার ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করে।’ ভারতের বার্তা সংস্থা ইন্ডিয়া ব্লুমস নিউজ সার্ভিসের এক খবরে একথা বলা হয়। রাষ্ট্রপতি বলেন, একারণেই ভারতের সংবিধানে কেন্দ্রীয় সরকারের সব কাজের জন্য হিন্দিকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের কাজের জন্য আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।আউটলুকের এক খবরে গতকাল শুক্রবার বলা হয়, প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে হিন্দির জাতীয় তাত্পর্য বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের একটি অনন্য বৈশিষ্ট্য এবং হিন্দি ভাষা সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।প্রণব বলেন, যোগাযোগের সাধারণ মাধ্যম হিসেবে এবং সরকারী কাজে দেশজুড়ে হিন্দির ব্যবহার ক্রমেই বাড়ছে। ‘হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষা ব্যবহারের মাধ্যমে সরকারে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধাকে দেশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়া সম্ভব।’ প্রণব বলেন, ‘যদি আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী ও গতিশীল দেখতে চাই তবে আমাদের উচিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে কাজের সমন্বয়ের স্বার্থে হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন করা।’ তিনি বলেন হিন্দি একটি ‘আন্তর্জাতিক ভাষা’ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হচ্ছে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে হিন্দি তাত্পর্যপূর্ণ অবদান রাখছে। ভারতে বাণিজ্য বিস্তারের জন্য বিভিন্ন বিদেশি কোম্পানি হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষাকে ব্যবহার করছে।’ তিনি বলেন, ‘ইউনেস্কো হিন্দি ভাষাকে বিশ্বের সাতটি ঐহিত্যবাহী ভাষার অন্যতম হিসেবে স্বীকৃতি দিয়েছে।’