হিন্দু-অধ্যুষিত গ্রামে হামলায় মুজাহিদও অংশ নেন
একাত্তরে ফরিদপুরের বৌদ্ধডাঙ্গী, বালিয়াডাঙ্গী, সরকারডাঙ্গী, মাঝিডাঙ্গী প্রভৃতি হিন্দু-অধ্যুষিত গ্রামের হামলায় বিহারি, শান্তি কমিটির লোকজনের সঙ্গে মুজাহিদও অংশ নিয়েছিলেন।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার এই জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ফয়েজ উদ্দিন আহমেদ (৮০)।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ ফয়েজ উদ্দিনের সাক্ষ্য নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে ফয়েজ উদ্দিন বলেন, একাত্তরে তাঁর গ্রামের বাড়ি ছিল ফরিদপুরের চর ভদ্রাসন থানার চরহরিরামপুর গ্রামে। সে সময় তিনি পাংশা থানার রতনদিয়া ওষুধের সরকারি ডিসপেনসারিতে কাজ করতেন। ২১ এপ্রিল ফরিদপুরে পাকিস্তানি সেনা আসার খবর পাওয়ার কয়েক দিন পর তিনি গ্রামের বাড়ি ফরিদপুরের চর হরিরামপুরের বাড়িতে আসেন। একদিন তিনি বাড়ির পাশে বৌদ্ধডাঙ্গী, বালিয়াডাঙ্গী, সরকারডাঙ্গী, মাঝিডাঙ্গী প্রভৃতি গ্রামের হিন্দু-অধ্যুষিত গ্রামে আগুন জ্বলতে দেখেন। পূর্ব দিক থেকে গ্রামগুলো যারা জ্বালিয়ে আসছিল, সেই দলে বিহারি, হাম্মাদ মাওলানা ও আরও কিছু শান্তি কমিটির লোকজনের সঙ্গে মুজাহিদ ছিলেন। যে গ্রামগুলোতে অগ্নিসংযোগ করা হয়, সেখানে ১৫-২০ জনকে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময়ও অনেকে গুলিবিদ্ধ হন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, এ সময় তিনি টুপি মাথায় দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন এবং মুজাহিদের সঙ্গে তাঁর সালাম-বিনিময় হয়। ওই সময় তাঁর বয়স ছিল ৩০ এর মধ্যে। মুজাহিদকে তিনি কলেজজীবন থেকেই চিনতেন।হামলা শেষে তিনি জয়নাথ বৈদ্য, তারাচান বৈদ্য, প্রফুল্ল কুমার বিশ্বাসসহ বেশকিছু মৃত লোককে মাটিচাপা দিতে সাহায্য করেন। তিনি মুজাহিদের বাবা আবদুল আলীকে চিনতেন। মুজাহিদকে আদালতে তিনি শনাক্ত করেন।জবানবন্দি শেষে ফয়েজ উদ্দিনকে একটি মাত্র প্রশ্ন করে আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।