হিন্দু আইন সংস্কার সময়ের দাবি
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক-অষ্টমাংশ হিন্দু। সংখ্যালঘু হিসেবে এবং হিন্দুদের ভারতমুখী প্রবণতার কারণে এ দেশে তারা নানাভাবে অত্যাচারিত-নির্যাতিত এবং অধিকার ও সুযোগ-সুবিধাবঞ্চিত। এ দেশে প্রচলিত আইনগুলোর মধ্যে হিন্দু আইন সবচেয়ে প্রাচীন। পার্শ্ববর্তী হিন্দুপ্রধান দেশ ভারত ও নেপালে বহু আগে থেকেই এই আইনের একটি বিধিবদ্ধ রূপ থাকলেও আশ্চর্য, শুধু এ দেশেই তা নেই। আর এ দেশে হিন্দু আইনের বিধিবদ্ধ রূপ না থাকায় হিন্দুদের সম্পত্তির উত্তরাধিকার ও ভাগবাটোয়ারা, বিবাহ, বিবাহবিচ্ছেদ, বিধবাবিবাহ, ভরণপোষণ, অভিভাবকত্ব, দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা, দত্তক গ্রহণ, স্ত্রীধন ইত্যাদি ক্ষেত্রে নানাবিধ সমস্যা ও জটিলতার সৃষ্টি হচ্ছে। মামলা-মোকদ্দমার ক্ষেত্রে এসব বিষয় নিয়ে কত যে ঝক্কি-ঝামেলা পোহাতে বা মোকাবিলা করতে হয়, তা ভুক্তভোগী উকিল, মক্কেল ও বিচারকেরাই জানেন। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সচেতন মহল থেকে এ দেশে হিন্দু আইন সংস্কার এবং একে বিধিবদ্ধ করার দাবি চলে আসছে। এ দেশের কিছু উদারপন্থী হিন্দু, বিশেষ করে শিক্ষিত নারীরা মনে-প্রাণে এ আইনটির সংস্কার চাইলেও অত্যন্ত পরিতাপের বিষয়, বেশির ভাগ হিন্দু জনসাধারণ তাদের সংকীর্ণ মানসিকতা ও কূপমণ্ডূকতার কারণে এর ঘোর বিরোধী। তাই বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংস্থা বিষয়টি নিয়ে সোচ্চার থাকলেও মূলত সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিরোধিতার কারণে সরকার কিছুই করতে পারছে না। আমি মনে করি, সমস্যাটা যেহেতু হিন্দুদের, তাদেরই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। আর এ ক্ষেত্রে তাদের মুক্ত হতে হবে ভ্রান্ত ধারণা ও পুরোনো সংস্কার থেকে, বুঝতে হবে যুগের চাহিদা ও বাস্তবতাকে। হিন্দু উত্তরাধিকারের ক্ষেত্রে বাংলাদেশে যীমূতবাহনের দায়ভাগ নীতি প্রচলিত। আর এ নীতি অনুযায়ী মৃত ব্যক্তির পুরুষ সন্তানেরা কেবল তার সম্পত্তিতে সমহারে উত্তরাধিকারী হয়, কন্যা সন্তানেরা কিছুই পায় না। আর মূলত এ কারণে হিন্দুসমাজে যৌতুক প্রথাটা জেঁকে বসেছে, যা ক্রমে মুসলিম ও অন্যান্য সমাজে সংক্রমিত হয়েছে, হচ্ছে। মৃত ব্যক্তির ছেলে উত্তরাধিকার না থাকলে প্রথমে তার স্ত্রী, পরে তার মেয়েরাও জীবনস্বত্বে ওই সম্পত্তি পায় এবং লিগ্যাল নেসিসিটিতে (মৃত ব্যক্তির আত্মার কল্যাণার্থে পিণ্ডদান, তীর্থ ভ্রমণ, কন্যাসন্তানের বিয়ে, পুত্র-কন্যার লেখাপড়া ইত্যাদি) কোর্টের অনুমতি নিয়ে সেই সম্পত্তি হস্তান্তর করতে পারে। এ যেন ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই’ অবস্থা। হিন্দু নারীদের সম্পত্তি দিলে প্রথমত, হিন্দুসমাজে যৌতুকপ্রথা বিলুপ্ত হবে এবং হিন্দু মেয়েরা আর্থসামাজিক একটা মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করতে পারবে, যা হিন্দুদেরই কাম্য বা কাম্য হওয়া উচিত। কিন্তু হিন্দুরা মনে করে, ভারতের মতো এ দেশেও হিন্দু নারীদের সম্পত্তিতে সম-অধিকার দিলে অনেক মুসলমান শুধু সম্পত্তির লোভে জোর-জবরদস্তি করে হিন্দু মেয়েদের, এমনকি হিন্দু ঘরের বউদের ধরে নিয়ে বিবাহ করবে। সে ক্ষেত্রে সমাজজীবনে হিন্দুদের ঘরবাড়ি ও সম্পত্তি নিয়ে নানা বিশৃঙ্খলা, বিপর্যস্ততা দেখা দেবে। বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দুদের এ ভয় বা আশঙ্কা অবশ্য অমূলক নয়, বরং গভীরভাবে ভেবে দেখার মতো। তাই এ ক্ষেত্রে আইনে কোনো হিন্দু নারী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বিধর্মী হলে বা বিধর্মী কোনো লোককে বিয়ে করলে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হবে, শুধু এ বিধানটা রাখলেই হিন্দুদের এ আশঙ্কা দূর হবে বলে আমি দৃঢ় আশাবাদী। হিন্দু বিবাহের ন্যূনতম ডকুমেন্ট এবং বিবাহবিচ্ছেদের সুনির্দিষ্ট নিয়ম না থাকায় সামাজিক জীবনে, বিশেষ করে মামলা-মোকদ্দমার ক্ষেত্রে কত যে সমস্যা হচ্ছে, তার ইয়ত্তা নেই। হিন্দু বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে মুসলমানদের মতো কাবিননামা ও তালাকনামার অনুরূপ মুদ্রিত ফরম থাকা দরকার, যা নির্দিষ্ট রেজিস্ট্রার দ্বারা রেজিস্ট্রি হওয়া বাধ্যতামূলক। এতে তাদের বিবাহের প্রমাণ প্রদর্শন, বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাহে ঝামেলা হবে না।১৮৫৬ সালে এই উপমহাদেশে হিন্দু বিধবাবিবাহ আইন চালু হলেও অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশে এর প্রচলন নেই বললেই চলে। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে সামাজিকভাবেই অহরহ বিধবাবিবাহ হচ্ছে। সুতরাং বাংলাদেশে হিন্দু বিধবাদের শারীরিক-মানসিক, আর্থসামাজিক নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে আইনগত ও সামাজিকভাবে বিধবাদের ব্যাপকভিত্তিক বিবাহ চালু করা প্রয়োজন।হিন্দু আইনানুসারে মায়ের স্ত্রীধনে মেয়ের বা মেয়েদের একচ্ছত্র অধিকার থাকলেও সাধারণত দেখা যায়, ছেলে সন্তানেরা হিন্দু মেয়েদের স্ত্রীধনের অধিকার থেকেও বঞ্চিত করে, ছলেবলে-কৌশলে তাদের ওই সম্পত্তিও কেড়ে নেয়।আরেকটা কথা না বললেই নয়, হিন্দুদের মধ্যে একটা অলিখিত জাতপাতের প্রভেদ বিদ্যমান থাকায় তাদের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক নানা সমস্যা হচ্ছে, বর্ণে বর্ণে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হচ্ছে। যেহেতু এর কোনো ধর্মীয় ভিত্তি নেই, সেহেতু এ জাতিভেদ প্রথাটা সম্পূর্ণ অসার এবং বর্তমান যুগের প্রেক্ষাপটে অচলও বটে। তাই অবিলম্বে ভারতের মতো আইন করে এ দেশেও হিন্দুদের জাতিভেদ প্রথা নিষিদ্ধ করা দরকার।আর শত্রু তথা অর্পিত সম্পত্তির বিষয়টা জিইয়ে না রেখে যত তাড়াতাড়ি এর গ্রহণযোগ্য ও যুক্তিসংগত সমাধান করা যায়, ততই দেশের জন্য মঙ্গল। স্বল্পতম সময়ে এ সমস্যা সমাধানের জন্য সরকার ইচ্ছা করলে প্রতিটি জেলায় একটা করে ট্রাইব্যুনাল গঠন করতেও পারেন। বর্তমান সরকার এ জাতীয় উদ্যোগ নিলে সবাই নিঃসন্দেহে সাধুবাদ জানাবে। আর হিন্দুদের ভারতমুখী প্রবণতা দূর করতে না পারলে তারা দিন দিন এ দেশে শুধু খর্ব শক্তিরই হবে না, প্রতিটি ক্ষেত্রে কোণঠাসাও হয়ে পড়বে। আইন করে এ বিষয়টারও একটা সুরাহা করা দরকার। সেই সঙ্গে তারা যাতে এ দেশে ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা পায়, মান-ইজ্জত নিয়ে বসবাস করতে পারে, তারও ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি।স্বাধীনতার জন্য এ দেশের হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের চেতনাও ছিল অসাম্প্রদায়িক, যার পরস্ফুিটন ঘটেছিল ’৭২-এর সংবিধানেও। বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের দিকনির্দেশনামূলক রায়ের আলোকে আমাদের সংবিধান সংশোধন হতে চলেছে। তাই স্বাভাবিক কারণে বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে হিন্দুদের প্রত্যাশাও অনেক এবং এ সরকার না করলে অন্য কোনো সরকার কোনো দিনই হিন্দু আইনের সংস্কার করবে না, করতে পারবে না বলে হিন্দুদের বিশ্বাস। অচিরেই সরকার এ বিষয়টার প্রতি সুদৃষ্টি দেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করি। সময়ের প্রয়োজনে, হিন্দু আইনের সংস্কার বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি এবং একটা গণতান্ত্রিক দেশ-জাতি হিসেবে এ দাবিকে উপেক্ষা করার কোনোই উপায় নেই।লেখক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদী।