হিন্দু উগ্রবাদীদের ভারতের জন্য বড় হুমকি মনে করেন রাহুল
ইসলামি জঙ্গিদের চেয়ে উগ্রবাদী হিন্দু গোষ্ঠীগুলোকে ভারতের জন্য বড় হুমকি বলে মনে করেন কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। আলোচিত ওয়েবসাইট উইকিলিকসে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক তথ্যে এ কথা বলা হয়েছে। উইকিলিকসে প্রকাশিত ওই তথ্যে বলা হয়েছে, সোনিয়া তনয় রাহুল গান্ধী ২০০৯ সালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি রয়েমারকে একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন। ওই তারবার্তায় দেখা যায়, টিমোথিকে রাহুল বলেছেন, এ দেশের কিছুসংখ্যক মুসলমানের মধ্যে লস্কর-ই তাইয়েবার মতো জঙ্গিদের সমর্থক আছে। তবে তার চেয়ে ভারতের জন্য বড় হুমকি হতে পারে হিন্দু গোষ্ঠীগুলোর উত্থান। যা মুসলমান সম্প্রদায়ের সঙ্গে ধর্মীয় উত্তেজনা ও রাজনৈতিক সংঘাতের সৃষ্টি করে। উইকিলিকসে এ তথ্য প্রকাশিত হওয়ার পর দেশটির বিরোধী দল—ভারতীয় জনতা পার্টি তাদের প্রতিক্রিয়া দিয়েছে। দলটির মুখপাত্র প্রকাশ জাওড়েকার রাহুল গান্ধী ও তাঁর দল কংগ্রেসকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে। তিনি বলেছেন, ‘হিন্দু গোষ্ঠীদেরকে লস্কর-ই-তাইয়েবার চেয়ে মারাত্মক বলাটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ।’ উইকিলিকসে প্রকাশিত রাহুলের এ মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এক বিবৃতিতে বলেছেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা ভারতের জন্য হুমকি। দ্য টাইমস অব ইন্ডিয়া, ডন ডটকম।