হিন্দু নারীদের সমান অধিকার দিতে আইন সংশোধনের সুপারিশ
হিন্দু নারীদের সমান অধিকার নিশ্চিত করতে উত্তরাধিকার ও বিয়েসংক্রান্ত হিন্দু আইন সংশোধনের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশন আইনের হেবা (দান) সংক্রান্ত বিধানকে সর্বজনীন করার সুপারিশও করা হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয়কে আইনের খসড়া তৈরি করতে বলা হয়েছে। তবে এর আগে ও পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হবে। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হিন্দু উত্তরাধিকার আইনে সম্পত্তির বণ্টনসংক্রান্ত যে বিধান আছে, তা বৈষম্যমূলক। এখানে মৃত ব্যক্তির কন্যা ও স্ত্রী সম্পত্তির কোনো ভাগই পান না। এ বিষয়টি সামনে রেখেই কমিটি এ আইনটি সংশোধনের সুপারিশ করেছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আইনটি সংশোধন করা হবে। প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে পরবর্তী সময় আইন মন্ত্রণালয় এর খসড়া তৈরি করবে। হিন্দুদের বিয়েসংক্রান্ত বিদ্যমান আইনে নিবন্ধনের বিষয়টি বাধ্যতামূলক নয় উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিয়ের সনদ না থাকায় পরবর্তী সময়ে অনেক সমস্যার সৃষ্টি হয়। বিদেশে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। এ জন্য বিয়ের নিবন্ধন বিধান চালু করা আবশ্যক। কমিটি মনে করে, বিদ্যমান আইনটি বৈষম্যমূলক। শুধু ধর্মীয় কিছু আচার পালন করলেই বিয়ে হয়ে যায়। তালাকের সময় দায়িত্বের প্রশ্নটি আড়ালে চলে যায়। এ সবকিছু বিবেচনা করে কমিটি হিন্দু বিবাহ আইনের সংশোধন করার জন্য সুপারিশ করেছে।