হিন্দু নারীর সম্পত্তি বেহাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা দেবী (ছদ্মনাম) তাঁর মৃত মা-বাবার একমাত্র কন্যা। তাঁর কোনো ভাই নেই। সারদার বয়স ৬৫ বছরের মতো। তিনি তাঁর বৃদ্ধ স্বামীকে নিয়ে দিনাজপুর জেলার কোনো এক নিভৃত পল্লিতে বসবাস করেন। তাঁদের কোনো সন্তানাদি নেই। সারদা দেবী যে বন্ধ্যা তা-ও বলা যাবে না। বিয়ের পর অন্য নারীদের মতো তাঁর কোলজুড়েও এসেছিল একটা ফুটফুটে ছেলে। কিন্তু বিধাতা তাঁর কপালে পুত্রসুখ দিলেন না! জন্মের মাত্র ছয় মাসের মাথায় ছেলেটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। সেই থেকে এ দম্পতি নিঃসন্তান, অনেকটা নিঃসঙ্গও। সারদা দেবীর বাবা মারা যাওয়ার সময় প্রায় চার একর সম্পত্তি রেখে যান, যা তাঁর মা জীবদ্দশায় নির্বিঘ্নে ভোগদখল করে গেছেন।সারদার দূরে ভিন্ন জেলায় বিয়ে হওয়ায় তাঁর মা মারা যাওয়ার পর তিনি বা তাঁর স্বামী আর ওই সম্পত্তি ভোগ করতে যাননি, বাস্তবতার কারণে তা সম্ভবও ছিল না। সারদার জ্ঞাতি চাচাতো ভাই ও তাঁর ছেলে মৃণাল (ছদ্মনাম) এ সম্পত্তি দেখাশোনা করতেন। সারদা মাঝেমধ্যে একাকী, কখনো বা তাঁর স্বামীকে নিয়ে ওই পরিবারে বেড়াতে যেতেন এবং তাঁর মায়ের ঘরে থাকতেন। প্রতিবছর সারদার চাচাতো ভাই, পরে তিনি মারা গেলে তাঁর ছেলে মৃণালও এ সম্পত্তির আয়-বাবদ কিছু টাকা সারদা দেবীকে দিতেন।এভাবে বেশ চলছিল। সমস্যা দেখা দিল মৃণাল একদিনলোভের বশবর্তী হয়ে খারাপ লোকের পরামর্শে তাঁর পিসি সারদার সব সম্পত্তি গোপনে একজন প্রভাবশালী মুসলমান লোকের কাছে বিক্রি করে দেওয়ার পর। সারদা ও তাঁর স্বামী প্রথমে এটা শুনে হতভম্ব হয়ে পড়লেন। পরে একজন শিক্ষিত লোকের পরামর্শে উকিল ধরে কোর্টে ওই দলিল বাতিলের মামলা করলেন। মৃণাল ও তাঁর দলিল ক্রেতা মুসলমান লোকটির নিযুক্ত আইনজীবী বললেন, হিন্দু আইনে মেয়েরা জীবন-স্বত্বে সম্পত্তি পায় বটে; কিন্তু সেই মেয়ে যদি বন্ধ্যা হয়, তাহলে বাংলাদেশে প্রচলিত হিন্দু দায়ভাগ মত অনুসারে তিনি পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হন। দাবি হলো, সারদা দেবী বন্ধ্যা বিধায় তিনি বাবার কোনো সম্পত্তি পাননি বা পাবেন না; দায়ভাগ মতানুসারে সারদা দেবীর মায়ের জীবনস্বত্ব কাল শেষ হওয়ার পর ওই সম্পত্তি প্রথমে সারদার চাচাতো ভাইয়ের ওপর এবং ওই চাচাতো ভাইয়ের মৃত্যুর পর তাঁর ছেলে মৃণালের ওপর বর্তেছে। আর মৃণাল আইনগতভাবে ওই সম্পত্তি অর্জন করে যেহেতু তা বিক্রি করেছেন, সেহেতু ওই সাবকবলা দলিল বৈধ, বাতিল হবে না। বিবাদী পক্ষের আইনজীবীর প্রশ্নের জবাবে মৃণাল নিজের কোনো সম্পত্তি বিক্রি না করে পিসির সব সম্পত্তি বিক্রি করার পক্ষে কোনো সদুত্তর দিতে পারলেন না। কিন্তু কোর্ট দেখলেন, সারদা দেবী তো বন্ধ্যা নন, তাঁরও তো একটা সন্তান হয়েছিল, যদিও সেটা মাত্র ছয় মাস পৃথিবীর বুকে বেঁচে ছিল। তাই তরুণ সহকারী জজ সব সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে সারদা দেবীর পক্ষেই রায় দিলেন এবং মৃণালকে তাঁর লোভের জন্য প্রকাশ্য আদালতে সাংঘাতিকভাবে ভর্ৎসনা করলেন। মৃণাল গং ওই রায়ের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করলেন এবং আপিলেও তাঁরা হারলেন। অতঃপর সারদা দেবী ও তাঁর স্বামী রাগে-ক্ষোভে-অভিমানে তীর্থ ভ্রমণ ও মন্দির প্রতিষ্ঠার কথা বলে কোর্টের অনুমতি নিয়ে গোটা সম্পত্তি বিক্রি করে দিলেন। ফলে স্বাভাবিক নিয়মে যে সম্পত্তিটা মৃণালের পাওয়ার কথা ছিল, সেখানে তিনি কিছুই পেলেন না। আর কতকাল এ দেশে হিন্দু আইনে মেয়েরা সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে এভাবে অবহেলিত ও নিগৃহীত জীবন নির্বাহ করবেন? এটার কি অবসান হবে না?লেখক  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নরসিংদী।