হিন্দুদের বিবাহ নিবন্ধন বিল উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের বিধান ঐচ্ছিক রেখে আজ মঙ্গলবার ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল-২০১২’ সংসদে উত্থাপিত হয়েছে। একই সঙ্গে সম্পত্তি দানের ক্ষেত্রে মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীদের জন্যও নামমাত্র নিবন্ধন ফি দেওয়ার বিধান রেখে রেজিস্ট্রেশন (সংশোধন) বিল-২০১২ সংসদে উত্থাপিত হয়েছে।আইনমন্ত্রী শফিক আহমেদ বিল দুটি সংসদে উত্থাপন করেন। পরে বিল দুটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।হিন্দু বিবাহ নিবন্ধন বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ তাদের শাস্ত্রমতে অনুষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ। এর কোনো দালিলিক প্রমাণ থাকে না। যে কারণে বিবাহ-পরবর্তী বিবাহ সংশ্লিষ্ট যেকোনো বিষয় মৌখিক সাক্ষ্য প্রমাণের ওপর নির্ভরশীল। ফলে হিন্দু নারীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন। তাঁদেরকে সহজে আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হয় না। তা ছাড়া বর্তমানে বিদেশ ভ্রমণ, অভিবাসন ইত্যাদি ক্ষেত্রে বিবাহ নিবন্ধন-সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয়। সে জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন। বিলে হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ ঐচ্ছিকভাবে নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। বিলের ৪ ধারায় বলা হয়েছে, সরকার সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে সময় সময় নির্ধারিত এলাকা এবং সিটি করপোরেশন-বহির্ভূত এলাকার ক্ষেত্রে প্রতিটি উপজেলা এলাকায় একজন ব্যক্তিকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ দেবে। ৫ ধারায় বলা হয়েছে, অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, ২১ বছরের কম বয়স্ক কোনো হিন্দু পুরুষ বা ১৮ বছরের কম বয়স্ক কোনো হিন্দু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা নিবন্ধনযোগ্য হবে না। ৬ ধারায় বলা হয়েছে, হিন্দু ধর্ম, রীতিনীতি ও আচার অনুষ্ঠান অনুযায়ী হিন্দু বিবাহ সম্পন্ন হওয়ার পর ওই বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে যেকোনো পক্ষের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধক নির্ধারিত পদ্ধতিতে বিবাহ নিবন্ধন করবেন।রেজিস্ট্রেশন আইন সংশোধন হলে মুসলিমদের মতো হিন্দু, বৌদ্ধ এবং খ্রিষ্টানসহ অন্য ধর্মাবলম্বীরাও নামমাত্র নিবন্ধন ফি দিয়ে স্থাবর সম্পত্তি দানের জন্য হস্তান্তর করতে পারবে। প্রস্তাবিত আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, মুসলমানেরা মৌখিক হেবা ঘোষণার মাধ্যমে নামমাত্র নিবন্ধন ফি দিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে সম্পত্তি হস্তান্তর করতে পারেন। অন্য ধর্মাবলম্বীরা এই সুযোগ পান না। মুসলমানদের মতো হিন্দুদের সমান সুযোগ দেওয়ার জন্য আইনটি সংশোধন করা প্রয়োজন।