হিমঘরে পড়ে আছে দুই বিদেশির মরদেহ
হিমঘরে পড়ে আছে দুই বিদেশির মরদেহ। তাঁদের একজন ভারতীয়, অপরজন নেপালি। তাঁদের মরদেহ নিজ নিজ দেশে পাঠানোর জন্য কারা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কয়েকবার চিঠি দিয়েছে। তবে জানা গেছে, নেপালের নাগরিকের মরদেহটির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। তাই এ বিষয়ে কোনো বার্তা নেপালের দূতাবাসে পৌঁছায়নি। ঢাকার ভারতীয় হাইকমিশনকে সে দেশের নাগরিকের মরদেহটির বিষয়ে জানানো হলেও হাইকমিশন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) আশরাফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মমাফিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত ও নেপালের দূতাবাসকে এ ব্যাপারে জানিয়ে আসছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি।’ সূত্র জানায়, দুই বিদেশির মধ্যে স্বপন সেনের (৫৫) বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যগ্রাম পৌরসভায়। তাঁর বাবার নাম মৃত শিবেন্দ্র। ২০০৫ সালের ২৯ ডিসেম্বর তিনি যশোরের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রম করার অপরাধে বেনাপোল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে যশোরের কারাগারে পাঠায়। যশোরের আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরে ২০০৬ সালের ২৮ জুন তিনি মুক্তি পান। কিন্তু উপযুক্ত অভিভাবক না পাওয়ায় তাঁকে জেলে মুক্তিপ্রাপ্ত কয়েদি হিসেবে থাকতে হয়। এর মধ্যে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ২০১০ সালের ১৯ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারাগার কর্তৃপক্ষ তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই বছরের ৩১ অক্টোবর তিনি সেখানে মারা যান। সেখান থেকে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে রাখা হয়।চট্টগ্রাম কারা সূত্রে জানা গেছে, অপর হতভাগ্যের নাম জগ নারায়ণ (৪২)। বাবা মৃত মানিক। নেপালের কাঠমান্ডুর গণেশপুর থানার কপুরফুকুয়ায় তাঁর বাড়ি। বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অপরাধে ২০০৭ সালে চট্টগ্রামের হাটহাজারী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বিচারাধীন অবস্থায় ২০১০ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ১ আগস্ট তিনি মারা যান। এরপর তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।সূত্র জানায়, নিয়ম অনুযায়ী বিদেশি কেউ কারা হেফাজতে মারা গেলে কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ নিজ দূতাবাসকে অবহিত করে মরদেহ নিয়ে যাওয়ার তাগাদা দেয়। তবে এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বপন সেনের বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনকে অবহিত করেছে। কিন্তু নেপালের নাগরিক জগ নারায়ণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত নয় বলে সূত্র জানায়। কারা সূত্র জানায়, প্রতিটি মরদেহ সংরক্ষণের জন্য কারা কর্তৃপক্ষকে প্রতি মাসে এক হাজার টাকা খরচ করতে হয়। মরদেহ দুটির পাহারার জন্য মর্গে প্রতিদিন একজন করে নিরাপত্তারক্ষীও নিযুক্ত থাকে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, মর্গের দুটি হিমঘরের একটি অনেক দিন ধরে নষ্ট। অন্যটিতে স্বপন সেনের মরদেহের পাশাপাশি আরও দুটি লাশ আছে। এতে আপাতত কোনো সমস্যা না হলেও ভবিষ্যতে যেকোনো দুর্যোগে মরদেহ সংরক্ষণের প্রয়োজন দেখা দিলে বেশ সমস্যায় পড়তে হবে।