হিমাগারে আলু রেখে বিপাকে ব্যবসায়ী-চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন রাজশাহীর ব্যবসায়ী ও চাষিরা। বাজারে দাম ও চাহিদা না থাকায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে। আলু বিক্রি করতে না পারায় হিমাগারে পড়ে আছে হাজার হাজার বস্তা। গত মৌসুমে সারা দেশের মতো রাজশাহীর বাগমারায় বিপুল পরিমাণ আলুর চাষ হয়। বিগত বছরে আলুর দাম ভালো দাম থাকায় চাষিরা আলু চাষে ঝুঁকে পড়েন। শুধু চাষিরা নন, ব্যবসায়ীরাও বাণিজ্যিক ভিত্তিতে শুরু করেন আলুর চাষ। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এখানে ১২ হাজার হেক্টর জমিতে গত মৌসুমে আলুর চাষ হয়েছে। কিন্তু উপজেলার পাঁচটি হিমাগারে উৎপাদিত আলু সংরক্ষণ করতে না পারায় ব্যবসায়ী ও চাষিরা বিপাকে পড়েন। অনেকে অধিক টাকায় হিমাগারে আলু রাখেন। কিন্তু দাম পড়ে যাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন। তাঁরা হিমাগার থেকে আলু ওঠাতে পারছেন না। অন্যান্য বছর এ সময় আলুর ভালো দাম থাকায় হিমাগারগুলো প্রায় শূন্য হয়ে পড়ে। তবে এ বছর পুরো উল্টো চিত্র। সরেজমিনে ঘুরে হিমাগারগুলোয় বিপুল পরিমাণ আলু দেখা যায়। হিমাগার কর্তৃপক্ষ জানায়, বিগত বছরগুলোয় এ সময় আলুর কেনাবেচার চাপ থাকলেও এবার তা হয়নি। এ সময় আলুর অর্ধেকের বেশি পরিমাণ বিক্রি হয়ে যায়। উপজেলার দেউলায় অবস্থিত নাটোর কোল্ডস্টোরেজের মহাব্যবস্থাপক খায়রুল বাসার জানান, এবার এখন পর্যন্ত তেমন আলু বিক্রি হয়নি। বিপুল পরিমাণ আলু এখনো হিমাগারেই রয়েছে। বসার হিমাগার কর্তৃপক্ষ জানায়, তাদের ৮৫ হাজার বস্তা আলুর মধ্যে মাত্র ১০ থেকে ১১ হাজার বস্তা বের হয়েছে। অন্যান্য বছর এ সময় হিমাগারের অর্ধেকেরও বেশি আলু বিক্রি হয়ে যেত। বাগমারা গ্রামের আলু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, তিনি কয়েক বছর ধরে হিমাগারে রেখে আলু কেনাবেচা করেন। এ বছর এখন তাঁদের বসে থাকতে হচ্ছে। ভালো দাম না পাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন না। তাঁরা ভালো দামের আশায় বসে আছেন। আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার হিমাগারে প্রতি বস্তা ডায়মন্ড জাতের আলু রাখতে খরচ হয়েছে এক হাজার ৩০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৮৭০ টাকা দরে। বার্মা জাতের আলু রাখতে খরচ হয়েছে ৯০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এ ছাড়া দেশীয় জাতের আলু রাখতে খরচ হয়েছে এক হাজার ২০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ৯০০ টাকা দরে। যশোরের আলু ব্যবসায়ী মোকলেছুর রহমান জানান, বিগত বছরে তাঁরা এ সময় হিমাগার থেকে আলু কিনতেন। আলুর চাহিদাও ভালো ছিল। তবে এ বছর এ সময় তাঁরা এলাকার হাটবাজার থেকেই চাহিদামতো আলু কিনছেন। কম দামে ও সহজে হাট-বাজারে আলু পাওয়ায় তাঁরা আর হিমাগারে ছুটছেন না। এ ছাড়া বিগত বছরের মতো এবার আলুর চাহিদাও কম বলে জানান তিনি। তাঁর মতে, চাষিরা হিমাগারে আলু রাখার জায়গা না পাওয়ায় বাড়িতেই রেখে এখন বাজারে বিক্রি করছেন। তাঁর এই বক্তব্যের সত্যতা পাওয়া গেল ভবানীগঞ্জে আলু বিক্রি করতে আসা ঝাড়গ্রামের চাষি জব্বার, মাঝগ্রামের দেছের, একডালার সফিরের সঙ্গে কথা বলে। তাঁরা জানান, এ বছর আলু হিমাগারে রাখতে না পেরে বাড়িতে সংরক্ষণ করেছেন। এখন তা বিক্রি করছেন। আলু ব্যবসায়ী, হিমাগার কর্তৃপক্ষ ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাপক ফলনের কারণেই এ বছর আলুর দাম পাওয়া যাচ্ছে না। তবে রমজানের পরে আলুর দাম বাড়তে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।