হিমাগারে জায়গা নেই, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। জেলার নয়টি হিমাগারের ধারণক্ষমতার প্রায় পাঁচ গুণ অতিরিক্ত আলু উৎপাদন হওয়ায় সংরক্ষণের অভাবে পানির দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। জেলায় অবস্থিত হিমাগারগুলোয় গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছে আলুবাহী ট্রাক, ট্রাক্টর ও ভ্যান-রিকশা। গত ২৩ মার্চ সরেজমিনে দেখা যায়, জেলা সদরের বিশমুড়ি গ্রামে অংকুর সিড অ্যান্ড হিমাগারের সামনে রাস্তার দুই ধারে আলুর বস্তা ও ট্রাকের সারি। হিমাগারের ভেতরেও যত্রতত্র আলুর বস্তা। এ সময় বাইরে অপেক্ষমাণ কৃষকদের সঙ্গে কথা বললে ডোমার উপজেলার সোনাহার গ্রাম থেকে আসা কৃষক গণেশ চন্দ্র (৩৫) বলেন, তিনি ১০২ বস্তা আলু নিয়ে হিমাগারে এসেছেন। কিন্তু সিরিয়াল না পাওয়ায় হিমাগারের সামনের পাকা সড়কের ধারে অপেক্ষা করছেন।আনছারুল ইসলাম (৩২) বলেন, দেবীগঞ্জ থেকে চার দিন আগে ৪২০ বস্তা আলু নিয়ে এসেছি। এর মধ্যে ১০০ বস্তা স্টোরে ঢোকানো গেলেও বাকি ৩২০ বস্তা আলু ঢোকাতে আর কতদিন লাগবে তা বোঝা যাচ্ছে না। তিনি বলেন, এখানে ৪২০ বস্তা আলু বুকিং দেওয়া গেলেও জায়গার অভাবে অনেক আলু বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ‘আমার খেতে এখনো ৭০০-৮০০ বস্তা আলু আছে, হিমাগারে কোথাও জায়গা নেই, বাজারে আলুর দামও পড়ে গেছে। তিনি জানান, হিমাগারে জায়গা না থাকায় ব্যবসায়ীরাও আলু কিনছেন না।’ কৃষক আনছারুল বলেন, প্রথম দিকে প্রতি বস্তা আলু এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা দরে বিক্রি হলেও এখন ৬০০-৭০০ টাকা বস্তা হিসাবে কার্ডিনাল ও ডায়মন্ড জাতের আলু বিক্রি হচ্ছে।হিমাগারের মহাব্যবস্থাপক জিয়া হায়দার বলেন, ‘এই কোল্ড স্টোরেজের ধারণক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। প্রায় এক মাস আগে বুকিং শেষ হয়ে গেছে। এখন পিক সিজন। তাই প্রতিদিন যে পরিমাণ আলু আসার কথা, তার চেয়ে দুই-তিন গুণ বেশি আসছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, জেলায় এ বছর ২০ হাজার ৪৭০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চার লাখ মেট্রিক টন। কিন্তু জেলায় দুটি সরকারিসহ নয়টি হিমাগারের ধারণক্ষমতা ৬৮ হাজার ৫০০ মেট্রিক টন।জেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা বলেন, এবার জেলায় প্রায় চার লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এর মধ্যে আগাম জাতের প্রায় এক লাখ মেট্রিক টন আলু বিক্রি হলেও বাকি তিন লাখ মেট্রিক টন আলু সংরক্ষণে বিপাকে পড়েছেন কৃষকেরা। তিনি বলেন, এ বছর অনুকূল আবহাওয়ার কারণে আলুর বাম্পার ফলন হয়েছে।