হিমাগারে ৪২ হাজার মণ আলুর পচন
ফরিদপুর হিমাগারে রাখা ৪২ হাজার মণ আলু পচে গেছে। ফলে চরম বিপাকে পড়েছেন প্রায় ৩০০ কৃষক। কর্তৃপক্ষের ধারণা, ভয়াবহ লোডশেডিং, গুদামজাত আলুর মান সঠিকভাবে যাচাই না করা এবং যান্ত্রিক ত্রুটির কারণে এই পচনের ঘটনা ঘটতে পারে।গতকাল বুধবার ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আওয়াল ভূঁইয়া প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর শহরের রাজবাড়ীর মোড় এলাকায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন ফরিদপুর হিমাগারের ধারণক্ষমতা দুই লাখ ৪০ হাজার মণ। সেখানে চারটি প্রকোষ্ঠে (চেম্বারে) এ বছর আলু মজুত ছিল দুই লাখ আট হাজার মণ। এর মধ্যে চার নম্বর প্রকোষ্ঠের আলুগুলো পচে গেছে। হিমাগারের ব্যবস্থাপক মো. হারুন আর রশিদ প্রথম আলোকে বলেন, চার নম্বর প্রকোষ্ঠে ২১ হাজার বস্তায় ৪২ হাজার মণ আলু ছিল। গত ফেব্রুয়ারি-মার্চে আলুগুলো সংরক্ষণ করা হয়েছিল। পচনের কারণ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা না হলেও ধারণা করা হচ্ছে, ভয়াবহ লোডশেডিং, গুদামজাত আলুর মান সঠিকভাবে যাচাই না করা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে এই পচন হতে পারে।ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদেরদী গ্রামের কৃষক মতিয়ার রহমান (৪২) বলেন, ‘আলুর দাম কম ছিল বলে স্ত্রীর গয়না বন্ধক রেখে ১০০ মণ আলু মজুত করেছিলাম। কিন্তু আলুগুলো পচনের ফলে এখন আমার সর্বনাশ হয়ে গেল।’ হিমাগারে ২০০ মণ আলু রেখেছিলেন শরীয়তপুরের কৃষক মো. হানিফ মিয়া (৪০)। তাঁর সব আলুই পচে গেছে। গত মঙ্গলবার তিনি অভিযোগ করে বলেন, ‘আট-নয় দিন আগে হিমাগার কর্তৃপক্ষ আলু পচে যাওয়ার বিষয়টি জানতে পারে। কিন্তু আমাদের নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বর কর্তৃপক্ষের কাছে থাকলেও কোনো খবর দেয়নি। লোক মারফত্ খবর পাই।’ খবর না দেওয়ার অভিযোগ অস্বীকার করে ফরিদপুর হিমাগারের চেয়ারম্যান মো. আশিকুর রহিম প্রথম আলোকে বলেন, চার নম্বর প্রকোষ্ঠে আলুর পচনের বিষয়টি ১২ এপ্রিল প্রথমে নজরে আসে। নষ্ট আলু তাত্ক্ষণিক প্রকোষ্ঠ থেকে বের করা হয়। বাকি আলু রক্ষা করা যায় কি না, সেই চেষ্টা ছিল। চেয়ারম্যান বলেন, বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ওয়ালিউর রশিদ জানান, ‘ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিষয়টি আমাদের গোচরে এনেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি।’