হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ৫২
ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৫২ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। পুলিশ জানায়, চাম্বা জেলা সদর থেকে আট কিলোমিটার দূরে রাজেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের একটি চাকার বিস্ফোরণের পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। পুলিশ সূত্র আরও জানায়, ৪২ আসনের ওই বাসে এক শর বেশি যাত্রী নিয়ে দুলেরা থেকে চাম্বার দিকে যাচ্ছিলেন চালক। দুর্ঘটনার সময় কিছু যাত্রী বাসের ছাদেও ছিল।চাম্বার ডেপুটি কমিশনার সুনীল চৌধুরী বলেন, দুর্ঘটনায় বাসটির চালকসহ ৩৯ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও ১৩ জন। ঘটনাস্থল থেকে হতাহত যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান হিমাচলের স্পিকার তুলসী রাম ও স্থানীয় সাংসদ বি কে চৌহান। সেখানে তাঁরা উদ্ধার ও ত্রাণতত্পরতা তদারক করেন। দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক লাখ রুপি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। তা ছাড়া হতাহত যাত্রীদের নিকটাত্মীয়দের তাত্ক্ষণিক সহায়তা হিসেবে ১০ হাজার রুপি করে দেওয়া হয়েছে। গুরুতর আহত যাত্রীদের চিকিত্সা-সহায়তা ছাড়াও পাঁচ হাজার রুপি করে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হতাহত যাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পি কে ধুমাল। টাইমস অব ইন্ডিয়া।