হিমালয়ে হিমবাহ ধসে মৃত্যু ৯
নেপালে হিমালয়ের পর্বতে হিমবাহ ধসে একটি ক্যাম্পে থাকা পর্বতারোহীদের মধ্যে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। অনেক পর্বতারোহী নিখোঁজ। গত শনিবার মাউন্ট মানাসলুর ঢালে একটি বেসক্যাম্পে থাকা পর্বতারোহীরা এই হিমবাহের কবলে পড়েন। গতকাল রোববার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।পুলিশ জানায়, মানাসলুর ঢাল থেকে একজন জার্মান ও একজন নেপালি গাইডের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী পাইলটরা সেখানে আরও সাতজনের লাশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মারা যাওয়া পবর্তারোহীদের মধ্যে স্পেনের একজন নাগরিক রয়েছেন।পুলিশ জানায়, সেখান থেকে অন্তত পাঁচজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।ফ্রান্সের মাউনটেইন গাইডস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান থমসদফ সাংবাদিকদের জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন ও নিখোঁজ পবর্তারোহীদের মধ্যে তিনজন ফ্রান্সের নাগরিক। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যেও ফ্রান্সের দুই নাগরিক রয়েছেন। নেপালের গোর্খা জেলায় অবস্থিত মাউন্ট মানাসলু বিশ্বের সবচেয়ে দুর্গম পর্বতশৃঙ্গগুলোর একটি বলে ধরা হয়।