হিমালি ভাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গন্ধগোকুল (civet) সম্প্রদায়ের পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এদের মধ্যে বাগডাশ, খাটাশ, ভামের নাম বাংলা ভাষায় প্রতিষ্ঠিত। কিন্তু Himalayan palm civet ও Binturong সম্বন্ধে আমাদের জানাশোনা অত্যন্ত সীমিত। এদের গ্রহণযোগ্য বাংলা নামও নেই। বিন্টুরংয়ের বাংলা নাম দেওয়া হয়েছে ভালুক-বিড়াল। অথচ প্রাণীটি ভালুকও নয়, বিড়ালজাতীয়ও নয়। হিমালয়ান পাম সিভেটেরও (Paguma larvata) বাংলা নাম পাওয়া যায় না। আপাতত হিমালি ভাম নামে ডাকা যেতে পারে।সাধারণ ভামের চেয়ে হিমালি ভাম একটু বড় সুদর্শন প্রাণী। আকৃতি সাধারণ ভামের মতো। নাক থেকে শরীরের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার, লেজও ৬০ সেন্টিমিটার। ওজন চার থেকে সাড়ে পাঁচ কেজি। হিমালি ভাম বাংলাদেশে অত্যন্ত দুষ্প্রাপ্য প্রাণী। শ্রীমঙ্গলের সীতেশ রঞ্জন দেবের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি প্রাণী কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। প্রথম দর্শনেই অন্যান্য গন্ধগোকুল থেকে হিমালি ভামকে চিনে নেওয়া যায় এদের দাগ বা ফোঁটাহীন শরীর ও মুখের সামনের দিকের ময়লা হলদে সাদা লোম দেখে। ঘাড় ও লেজের ডগা বাদামি, বাকি শরীর ধূসর হলদে। পেট ময়লা সাদা। তবে এলাকা বিশেষে রঙের হেরফের হয়।স্বভাবে সাধারণ ভামের সঙ্গে অনেক মিল আছে হিমালি ভামের। মূলত নিশাচর হলেও সকাল-সন্ধ্যায় খাবার খোঁজে। সাধারণত পাহাড়ি জঙ্গলের গাছে এরা বসবাস করে। দিনের বেলায় গাছের ফোকরে শরীর গুটিয়ে ঘুমায়। লেজের দৈর্ঘ্য ও পুরুত্ব দেখে বোঝা যায়, এরা গাছেই থাকে বেশি আর লেজকে ব্যবহার করে ভারসাম্য রাখা ও মুড়িয়ে ধরার অঙ্গ হিসেবে। তবে মাটিতেও শিকার করে হিমালি ভাম। এদের খাবার সাধারণ ভামের চেয়ে বেশি ফল-পাকুড়নির্ভর। তবে ছোট স্তন্যপায়ী, পাখি ও পাখির ডিমেও লোভ আছে। প্রকৃতিবিদ হজসন লিখেছেন, হিমালি ভামের খাঁচায় ভাত, ফল ও মাংস দেওয়া হলে এরা মাংসের চেয়ে ভাত-ফল খেতেই পছন্দ করে বেশি। এরা আপেল খায় কাঠবিড়ালির মতো বসে সামনের দুই হাতে ফলটি ধরে।অন্যান্য গন্ধগোকুলের চেয়ে এদের দেহের গন্ধ মৃদু। কিন্তু ভয় পেলে বা খেপে উঠলে এরা মলদ্বার দিয়ে হলদে তরল পদার্থ ছাড়ে। এই তরল অত্যন্ত উৎকট গন্ধের। বড় শিকারি প্রাণী, বিশেষত সোনালি বিড়াল, চিতাবাঘ, ফুলেশ্বরী বাঘ ও শেয়ালের মতো প্রাণীকে বিভ্রান্ত করার জন্য এই গন্ধ আত্মরক্ষার কাজে লাগে। সেই সঙ্গে একাকী চলা এই প্রাণীটির মিলনঋতুতে সঙ্গী-সঙ্গিনীর দৃষ্টি আকর্ষণেও এই গন্ধের ভূমিকা আছে। হিমালি ভাম পুরোপুরি জংলি প্রাণী। এরা দুই থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়। বাচ্চাগুলো এক বছরে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে।বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ভেজা মিশ্র চিরসবুজ বনে এখনো কিছু হিমালি ভাম আছে। তবে জঙ্গল উজাড় ও আদিবাসীদের হিমালি ভামের চামড়াপ্রীতি এদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে এনেছে।