হিমালয়ান কাউন্সিল গঠনের প্রস্তাব শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য আর্কটিক কাউন্সিলের ধরনে হিমালয়ান কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে একটি আন্তর্জাতিক অভিযোজন গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠারও প্রস্তাব দেন।প্রধানমন্ত্রী গতকাল বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হওয়া ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে এ দুটি উদ্ভাবনী প্রস্তাব দেন। থিম্পুর গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে এই অনুষ্ঠানে ১৫ মিনিটের বক্তৃতায় তিনি দক্ষিণ এশিয়ার ১৫০ কোটি মানুষের কল্যাণে জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র, বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ প্রতিষ্ঠা ও শিক্ষা বিস্তারের ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এক দেশের ডিগ্রিকে অন্য দেশের স্বীকৃতি দান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে একটি বীজভান্ডার প্রতিষ্ঠারও প্রস্তাব দেন।থিম্পুর কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে নিশ্চিত করেছে, আজ বৃহস্পতিবার সার্ক শীর্ষ সম্মেলনের ৩৬ ধারার থিম্পু রজতজয়ন্তী ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর তিনটি প্রস্তাব অন্তর্ভুক্ত থাকছে।শেখ হাসিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় এখন গণতন্ত্রের সুবাতাস বইছে। দক্ষিণ এশিয়ার নির্বাচিত সরকারের প্রতিনিধিদের সার্ক সম্মেলনে উপস্থিতি আমাদের উজ্জীবিত করছে। ইতিহাস থেকে আমরা এ শিক্ষাই পেয়েছি, একমাত্র গণতন্ত্রই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রকে এখন আমাদের লালন-পালনের মাধ্যমে বিকশিত করতে হবে। আমার বিশ্বাস, এ বিষয়টি সার্কের গণতন্ত্রের সনদে অন্তর্ভুক্ত হওয়া উচিত।’ জানা গেছে, তাঁর এ প্রস্তাব সার্ক সম্মেলনের মূল ঘোষণায় অন্তর্ভুক্ত থাকছে। দক্ষিণ এশিয়ার সেতুবন্ধের মধ্যেই সার্কের সাফল্য নিহিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জীবনের সব ক্ষেত্রেই দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে মুক্ত এবং ঘনিষ্ঠ যোগাযোগ সম্ভব। এ ক্ষেত্রে পর্যটন একটি প্রভাবকের ভূমিকা রাখতে পারে। তাই বর্তমানে নিয়ন্ত্রিত যে ভিসা-পদ্ধতি রয়েছে, তা যতটা সম্ভব অবাধ করা প্রয়োজন। তিনি বলেন, ‘২৫ বছরে সার্ক সদস্য দেশ ও জনগণের জন্য আরও অনেক কিছু করতে পারত। তবে সুযোগ এখনো রয়েছে। যদি আমরা সার্কের মাধ্যমে নিজেদের মধ্য্রেঅধিকতর বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারি, পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে একে অন্যকে সাহায্য করি, তবেই সমৃদ্ধ ও সমন্বিত দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব।’জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিজমি কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ার খাদ্যনিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। এর ফলে আমাদের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ বিপদ মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ উদ্যোগের কোনো বিকল্প নেই।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য আর্কটিক কাউন্সিলের ধরনে হিমালয়ান কাউন্সিল গঠনে দক্ষিণ এশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে একটি আন্তর্জাতিক অভিযোজন গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি বলেন, এই কেন্দ্র জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি বিনিময়ের মাধ্যমে সার্কের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে সহায়তা করবে। এটি সার্কের পরিবেশ সহযোগিতাবিষয়ক চুক্তি বাস্তবায়নেও সহায়তা করবে।শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনে বাধাগ্রস্ত কৃষির ফলন ধরে রাখতে উচ্চ ফলনশীল বীজের কোনো বিকল্প নেই। তাই একটি বীজভান্ডার গড়ে তুলতে হবে। তিনি বলেন, অভিন্ন দক্ষিণ এশীয় পরিচয় প্রতিষ্ঠা করতে হলে যোগাযোগব্যবস্থা সহজতর করার পাশাপাশি শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে হবে। শিক্ষা খাতে ডিগ্রির ক্ষেত্রে পারস্পরিক স্বীকৃতির জন্য একটি অভিন্ন মান পদ্ধতি চালুর ব্যাপারে একমত হওয়ার সময় এখনই। অভিন্ন শিক্ষার মান অর্জনে দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন একটি সফল পদক্ষেপ হতে পারে।শেখ হাসিনা বলেন, ‘একে অন্যের সম্পদ ও ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে আমাদের জ্বালানি খাতে দ্বিপক্ষীয়, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়ে সহায়তা বাড়াতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন, ভুটানে প্রথমবারের মতো আয়োজিত সার্ক সম্মেলন এ অঞ্চলের সুখ-সমৃদ্ধির নতুন যুগে প্রবেশে পথ দেখাবে। নেপালের প্রধানমন্ত্রী ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্: বাসস জানায়, সকালে থিম্পুতে সার্ক পল্লির বাংলাদেশ হাউসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। এ সময় শেখ হাসিনা বলেন, নেপাল ও ভুটান তাদের পানিসম্পদ ব্যবহার করে অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং তা বাংলাদেশে রপ্তানির মাধ্যমে তিন দেশই লাভবান হতে পারে। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও আন্তদেশীয় সড়ক সংযোগ স্থাপন এবং নেপালে পণ্য আমদানি-রপ্তানিতে বাংলাদেশের সমুদ্রবন্দর ও ভূমি ব্যবহারের সম্ভাবনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।নেপালের প্রধানমন্ত্রী এ অঞ্চলের জনগণের অর্থনৈতিক কল্যাণে বাংলাদেশ এবং অন্যান্য এশীয় দেশের সঙ্গে একত্রে কাজ করার ব্যাপারে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানান।এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।এ ছাড়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বাংলাদেশ হাউসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। বৈঠকে সন্ত্রাস দমন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়।শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্: বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী গতকাল শ্রীলঙ্কা হাউসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তিনি তাঁর দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উত্সাহিত করার অনুরোধ জানান। তিনি পোশাক, প্লাস্টিক, হাউজ বিল্ডিং ও সিআই সিট খাতে বিনিয়োগেরও অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে।প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে সিরামিক, ওষুধ ও সিমেন্ট আমদানি করতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আহ্বান জানান। তিনি বলেন, এগুলো বিশ্বমানসম্পন্ন পণ্য। তিনি বলেন, এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে একে অন্যকে সহযোগিতা করা প্রয়োজন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছবিসহ ভোটার তালিকা করায় বাংলাদেশের প্রশংসা করেন।এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম উপস্থিত ছিলেন।