হিমালয়ে বাংলাদেশ-নেপাল যৌথ পর্বতাভিযান শুরু ৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমালয়ে প্রথমবারের মতো বাংলাদেশ-নেপাল যৌথ পর্বতাভিযান ৩ অক্টোবর থেকে শুরু হবে। এই পর্বতারোহী দলে বাংলাদেশের ছয়জন সদস্য রয়েছেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে ও পতাকা প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।‘নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন’ ইতিপূর্বে কখনো বিজিত হয়নি এমন একটি পর্বতশৃঙ্গ (৬২৫৭ মিটার) যৌথ অভিযানের জন্য নির্বাচন করেছে। ২৫ দিনের দীর্ঘ এই অভিযান সফল হলে শৃঙ্গটির নাম রাখা হবে ‘বাংলাদেশ-নেপাল বন্ধুত্ব শিখর।’সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি পর্বতারোহী দলের নেতৃত্ব দেবেন এম এ মুহিত। দলের অপর পাঁচ সদস্য হলেন নিশাত মজুমদার, সাদিয়া সুলতানা, সজল খালেদ, নূর মোহাম্মদ ও কাজী বাহালুল মজনু। নেপালি দলের নেতৃত্বে আছেন পেমবা দর্জি কোরপা।বাংলাদেশি পর্বতারোহী দল ১ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ৩ অক্টোবর সিংগতি থেকে পর্বতাভিযান শুরু হবে। কসমস ও প্যারাগন গ্রুপ যৌথভাবে অভিযানটি স্পন্সর করছে।অনুষ্ঠানে বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ কৃষ্ণ চন্দ্র আরিয়াল, নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জিম্বা জাংবু কোরজা ও বার্তা সংস্থা ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান পর্বতারোহীদের অভিযানের পতাকা প্রদান করেন। বাসস।