হিমায়িত চিংড়ির মান অক্ষুণ্ন রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিংড়িশিল্প এবং দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে হিমায়িত চিংড়ির মান কঠোরভাবে বজায় জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন। অ্যাসোসিয়েশনের ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ নির্দেশ দিয়ে বলেন, হিমায়িত খাদ্য, বিশেষ করে চিংড়ির মান কঠোরভাবে বজায় না রাখলে গোটা শিল্পই ক্ষতিগ্রস্ত হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশের চিংড়ির রপ্তানি বন্ধ ছিল। পরবর্তীকালে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর এ লক্ষ্যে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেওয়ায় চিংড়ির রপ্তানি আবার শুরু হয়।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার চিংড়ির রপ্তানি বাড়িয়েছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় রপ্তানি কমে গিয়েছিল। সে সময় তাঁর সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য শিল্প খাতকে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।চিংড়ির চাষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কৃষিজমির যেন ক্ষতি না হয়, সেভাবে চিংড়িচাষিদের ঘের তৈরি করতে হবে। তিনি বাঁধের কোনো ক্ষতি না করে এবং সব বিধিবিধান মেনে চিংড়ি চাষের জন্য চাষিদের প্রতি নির্দেশ দেন। বৈঠকে রপ্তানিকারকেরা এই শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেসবের সমাধানে সরকারের সহায়তা কামনা করেন।অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শাহনেওয়াজ, সিনিয়র সহসভাপতি মো. আমিনউল্লাহ ও সদ্যবিদায়ী সভাপতি মুসা মিয়া প্রতিনিধিদলে ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।