হিমুর চোখে জল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পকেটহীন হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে চলেছে হিমু...। হুমায়ূন আহমেদের এই অনবদ্য সৃষ্টি হিমুকে আর নতুন কোনো উপন্যাসে দেখা যাবে না। হিমুকে নিয়ে এই নন্দিত কথাসাহিত্যিকের অগণিত ভক্তকুলের কৌতূহলও আর মিটবে না।এই শূন্যতা হিমু চরিত্রে রূপদানকারী ফজলুল কবির তুহিনের বুকের ভেতরেও হাহাকার তুলেছে। লন্ডনের বাঙালিপাড়ায় প্রবাসজীবনে থাকা তুহিন প্রথম আলোকে জানিয়েছেন তাঁর এই অনুভূতির কথা। হুমায়ূনের মৃত্যুতে গোটা বাঙালিপাড়া শোকে মুহ্যমান।দর্শকপ্রিয় নাটক ‘আজ রবিবার’-এ হলুদ পাঞ্জাবি পরা এই হিমুর দেখা মিলে। হিমু ভয় পায় না। আবেগহীন, অদ্ভুত চলাফেরার হিমুকে কেউ কোনোদিন কাঁদতে দেখেছে? হুমায়ুনের হিমুরা কাঁদে না।কিন্তু বাস্তবে হিমুর চরিত্রে অভিনয় করা তুহিন প্রিয় স্যারের প্রয়াণে নিজেকে স্থির রাখতে পারেননি। অঝোরে কেঁদেছেন। হুমাযূন আহমেদের মৃত্যুর পর লন্ডনে অনেকে তুহিনকে সমবেদনা জানিয়ে শুনতে চান স্যারের সঙ্গে তাঁর কিছু স্মৃতিময় ঘটনার কথা। জলভরা চোখে তুহিন বলে যান: ‘ভাসান পানি, জ্যোত্স্নাপ্রিয় হুমায়ূন আহমেদকে আমরা অনেকটা জোর করেই সুনামগঞ্জে হাসন উত্সবে এনেছিলাম। উত্সব শেষ হয় ঘরোয়া আড্ডায়, গানের মগ্ন শ্রোতা হয়ে বসেন হুমায়ূন স্যার। আমি গাই শাহ আবদুল করিমের “আগে কী সুন্দর দিন কাটাইতাম...”। গান শেষে স্যার বললেন, “কে এই গানটা লিখেছে? আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই।” কিছুদিন পর করিম ভাইকে নিয়ে ঢাকা যাই। স্যার তাঁর সঙ্গে অনেক কথা বলেন, সাক্ষাত্কার নেন। কয়েকটি গান নিয়ে একটা অনুষ্ঠানও তৈরি করেছিলেন। সেই থেকে স্যারের আশপাশে থাকার দুর্লভ সুযোগ হয় আমার।‘বেশ কিছুদিন পর স্যার খবর দিলে আমি দেখা করতে যাই। স্যার বললেন, “‘আগুনের পরশমণি’ ছবি বানাচ্ছি। তোমার জন্য ছোট্ট একটা চরিত্র আছে, অভিনয় করবে?” আমি যারপরনাই খুশি হয়ে কাজ করি। হঠাত্ একদিন স্যার আমাকে বললেন, “তুহিন, দাড়ি কিছুদিন লম্বা রাখো। তোমারে হিমু হিসেবে আমার পছন্দ হইছে।” আমি বিস্মিত হই! “আজ রবিবার” নাটকের শুটিংয়ের দিনগুলো এখনো চোখে লেগে আছে। সেই থেকে আমার পরিচয় হয়ে যায় হুমায়ূনের হিমু। একসময় লন্ডনে বসবাস শুরু করি। তবে স্যারের সঙ্গে যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। গত বছরের মাঝামাঝি দেশে যাই। স্যারের সঙ্গে দেখা করে বলি, “আপনার গল্প নিয়ে একটা ছবি বানাতে চাই।” তিনি বললেন, “কোন গল্প?” আমি জানাই, “আজ চিত্রার বিয়ে”। চট করে তিনি অনুমতি দিয়ে দিলেন। স্যার তাঁর হিমুর ওপর আস্থা রেখেছিলেন, কিন্তু আমি পারলাম না তাঁকে চিত্রার বিয়ে দেখাতে।’ তুহিন আরও বলেন, ‘স্যার এক অসাধারণ মানুষ। মানুষকে নির্মল আনন্দ দেওয়ার কারিগরের সহজে চলে যাওয়া মেনে নিতে পারছি না। স্যারের সঙ্গে আমরা মিসির আলি ও হিমুদের হারিয়েছি। এটা কালজয়ী ত্রয়ীর মৃত্যু। আমার পরম সৌভাগ্য, এখনো আমি হুমায়ূনের হিমু। স্যারকে কোনোদিন ভুলে থাকা যাবে না।’ স্যার, আমাদের সবার চোখ ভেসে যাচ্ছে জলে। দেখুন, আপনার বাউন্ডুলে শক্ত হিমুও কাঁদছে! আপনি আর কি কোনো ভরা জোছনায় হিমুকে ডেকে বলবেন, হিমুরা কাঁদে না, হিমুদের কাঁদতে নেই!