হিমেল হত্যা মামলায় তার কাকা গ্রেপ্তার
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপেনকে (১৫) হত্যা মামলায় তার কাকা সুমেল দাসকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সাতকানিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় নজরুল ইসলাম ও মাহমুদুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজন ভাই। মাহমুদ নিহত হিমেলের এক বন্ধু সোহেলের ভগ্নিপতি। হিমেল এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। গত রোববার অপহরণের পর বান্দরবান নিয়ে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফল প্রকাশের দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় তার গলিত লাশ উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ আজ নগরের কোরবানীগঞ্জ মহাশ্মশানে সত্কারের জন্য নিয়ে যাওয়া হয়।ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার তানভীর আরাফাত জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তার কাকাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া নজরুল ও মাহমুদুল জিজ্ঞাসাবাদে সুমেল দাসের কথা বলেছে।পুলিশের সামনে নজরুল ও মাহমুদুল সাংবাদিকদের জানায়, তারা আট তারিখ হিমেলকে অপহরণ করে এবং পরের দিন বান্দরবানে তাকে হত্যা করা হয়। হিমেল সাতকানিয়ার ধর্মপুর এলাকার মৃত সুনীল দাশের ছেলে। সুনীল দাসের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সে সবার ছোট। তার মা পাপিয়া সেন পটিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদের সঙ্গে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা বলে গত রোববার হিমেল ডবলমুরিং থানার পাশের বাসা থেকে বের হয়। এরপর সোম ও মঙ্গলবার তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে বুধবার তার মা নজরুল ইসলামের মুঠোফোনে ফোন দেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। গত বৃহস্পতিবার দুপুরে হিমেলের বাসায় মাহমুদ এক লাখ টাকা চেয়ে বলেন, টাকা দিলে কালই হিমেলকে এনে দেবেন। এর পরই পরিবারের লোকজন তাঁকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার সকালে নজরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনকে নিয়ে অভিযান চালিয়ে বান্দরবান শহর থেকে সাত কিলোমিটার দূরে পাহাড়ের ভেতর থেকে হিমেলের গলিত লাশ উদ্ধার করা হয়।