হিযবুত তাওহীদের দুই সদস্য গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাটগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন থেকে গতকাল শুক্রবার বিকেলে জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই, সিডি ও বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কুষ্টিয়া সদর উপজেলার দক্ষিণ বলদা এলাকার শামছুল আলম (৩৫) এবং রাজশাহীর চারঘাট উপজেলার ডালিয়াপাড়া গ্রামের মিনারুল ইসলাম (২০)।পুলিশ জানায়, গতকাল রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে জিহাদি বই ও লিফলেট বিতরণ করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে রাজবাড়ী থেকে পাঁচুরিয়া স্টেশন হয়ে যাওয়ার পথে তারা ট্রেনটিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ট্রেনের ৫০১৮-খ বগিতে জিহাদি বই ও লিফলেট বিতরণ অবস্থায় শামছুল ও মিনারুলকে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় গতকাল রাতেই জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ শনিবার তাঁদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।