হিযবুত তাহরীর প্রতিষ্ঠাতা গোলাম মাওলা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর বাংলাদেশের অন্যতম প্রধান নীতিনির্ধারক অধ্যাপক গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমান প্রথম আলোকে জানিয়েছেন।ডিবি সূত্র জানায়, গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। তিনি এ দেশে হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা। সংগঠনে বর্তমানে তাঁর পদ হচ্ছে উপদেষ্টা। তিনি এ দেশে এ সংগঠনের নীতিনির্ধারকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।পুলিশ কর্মকর্তারা জানান, গত মার্চে উত্তরা থানায় দায়ের হওয়া একটি মামলায় গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলার প্রধান আসামি হিযবুত তাহরীর বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদ গত এপ্রিলে গ্রেপ্তার হন। সরকার গত বছরের ২২ অক্টোবর এ দেশে আন্তর্জাতিক এ সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর গত আট মাসে সরকারবিরোধী মিছিল-সমাবেশ ও উস্কানিমূলক পোস্টার-প্রচারপত্র বিলির সময় সংগঠনটির বেশ কয়েকজন নেতা-কর্মী গ্রেপ্তার হন। এর মধ্যেও সংগঠনটির নেতা-কর্মীরা চোরাগোপ্তা তৎপরতা চালিয়ে আসছিল। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে হঠাৎ চট্টগ্রামের লাভ লেইন এলাকায় নিষিদ্ধ এ সংগঠনটি মিছিল বের করে নিজেদের অস্তিত্বের জানান দেয়।