হিযবুত তাহরীরের গোলাম মাওলা তিন দিনের রিমান্ডে
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার অন্যতম প্রধান নীতি-নির্ধারক অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গোলাম মাওলাকে আজ শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। রাজধানীর উত্তরা থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম মুন্সী আবদুল মজিদ তিন দিন মঞ্জুর করেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্র জানায়, গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক। তিনি এ দেশে হিযবুত তাহরীরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এখানে সংগঠনের নীতি-নির্ধারকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু কৌশলগত কারণে তিনি সংগঠনের প্রধান কোনো পদে যাননি। তিনি কখনো উপদেষ্টা, কখনো জ্যেষ্ঠ সদস্য হিসেবে ছিলেন।ডিবির উপকমিশনার (উত্তর) মাহবুবুর রহমান জানান, গত মার্চে উত্তরা থানার একটি মামলায় গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি।একই মামলার প্রধান আসামি হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ বর্তমানে কারাগারে আছেন।জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার গত বছরের ২২ অক্টোবর ধর্মভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ এবং জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তানসহ বিভিন্ন দেশে হিজবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।