হিযবুত তাহরীরের গ্রেপ্তার তিন সদস্য ৬ দিনের রিমান্ডে
রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে আজ রোববার পৃথক দুই মামলায় ছয় দিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। তাঁদের ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড চাইলে বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ আদেশ দেন। প্রেসক্লাব এলাকায় মিছিল করার সময় গতকাল শনিবার দুপুরে মো. আহসান (৩০), রিপন মিয়া (২২) ও ফজলে হাদি (২৮) নামে হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা করা হয়। প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর সরকার হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর সংগঠনটির প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের অনেক নেতা-কর্মীকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।