হিযবুত তাহরীরের প্রধান মহিউদ্দিন তিন দিনের রিমান্ডে
নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁকে গতকাল মঙ্গলবার ভোররাতে গ্রিন রোডের বাসা থেকে উত্তরা থানার পুলিশ গ্রেপ্তার করে।সন্ত্রাসবিরোধী কার্যকলাপ আইনে গত ফেব্রুয়ারিতে উত্তরা থানায় দায়ের করা একটি মামলায় মহিউদ্দিন আসামি। গতকাল একই অভিযোগে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।গ্রেপ্তারের পর মহিউদ্দিনকে গতকাল ঢাকার মহানগর হাকিম রোকসানা বেগমের আদালতে হাজির করে সাত দিন করে দুটি মামলায় মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত একটি মামলায় দুই দিন ও অপরটিতে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।উত্তরা থানার সাধারণ নিবন্ধন শাখা কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক নওজেশ আলী আদালতকে বলেন, আসামি মহিউদ্দিন আহমেদ সরকারবিরোধী কার্যকলাপে জড়িত। নিষিদ্ধ হওয়ার পরও তাঁর সংগঠন দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আসামির নির্দেশে ও সহযোগিতায় সরকারবিরোধী কার্যকলাপ চালানোর সময় হিযবুত তাহরীরের প্রচারপত্র ও বইসহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। হিযবুত তাহরীরের অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।মহিউদ্দিনকে আদালতে নেওয়া হয় বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে তিনি নিজেই আদালতকে বলেন, ‘আমার সম্পর্কে পুলিশ যা বলেছে, তা ঠিক নয়। আমি ছয় মাস যাবৎ গৃহবন্দী রয়েছি। আমার মোবাইল ফোন, কম্পিউটার পুলিশ জব্দ করে নিয়েছে। গৃহবন্দী থাকা অবস্থায় গোপন তৎপরতা চালানোর অভিযোগের বিষয় মিথ্যা ও ভিত্তিহীন।’ পুলিশ কর্মকর্তারা মহিউদ্দিনকে ‘হোয়াইট কালার ক্রিমিনাল’ আখ্যায়িত করলে তার প্রতিবাদও জানান তিনি।এদিকে গতকাল উত্তরা থানায় মহিউদ্দিনের বিরুদ্ধে পুলিশের করা মামলায় আগে থেকে অন্য মামলায় গ্রেপ্তার থাকা হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা হলেন তানভীর আহমেদ, তাওহিদুল আলম ও সাইদুর রহমান ওরফে রাজীব। পুলিশ এ তিনজনেরও সাত দিনের রিমান্ড আবেদন করে। এ আবেদনের ওপর আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত।প্রসঙ্গত, মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। গত বছর ২২ অক্টোবর বাংলাদেশে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণার পর তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।