হিযবুত তাহরীরের সদস্য নাফিস সালাম রিমান্ডে
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থি আন্তর্জাতিক সংগঠন হিযবুত তাহরীরের সদস্য নাফিস সালাম ওরফে উদয়কে এক দিনের রিমান্ডে নিয়েছে আদাবর থানা পুলিশ।আজ মঙ্গলবার সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম শামীমা পারভীন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ সূত্র জানায়, নাফিসকে গত রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি নিষিদ্ধ সংগঠনটির প্রচারপত্র (লিফলেট) বিতরণ করছিলেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেছেন, নিষিদ্ধ সংগঠনটির দুটি মোটরসাইকেল তাঁর জিম্মায় রয়েছে। এ ছাড়া তাঁর ব্যাংক হিসাবে হিযবুত তাহরীরের বেশ কিছু টাকাও জমা রাখা হয়েছে। এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য নাফিসকে রিমান্ডে নেওয়া হয়েছে।এর আগে গত শুক্রবার প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় সংগঠনটির ১৫ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ঢাকায় ১২ জন ও চট্টগ্রামে তিনজন ধরা পড়েন।