হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চিকিৎসক গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে ইউনাইটেড হাসপাতালের হূদেরাগ বিভাগের শল্যচিকিৎসক গোলাম হায়দার রসুলকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এই চিকিৎসক র্যাব ও সাংবাদিকদের সামনে হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। র্যাব জানায়, সোমবার রাত আড়াইটার দিকে র্যাব-১-এর সদস্যরা উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালান। ওই বাসা থেকে গোলাম হায়দারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাসার বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ লিফলেট, প্রচারপত্র, হিযবুত তাহ্রীরের প্রকাশিত বই, খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান উদ্ধার করা হয়। র্যাবের ক্যাপ্টেন আহম্মেদ উল্লাহ প্রথম আলোকে বলেন, গোলাম হায়দার দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। কিন্তু প্রমাণের অভাবে তাঁকে ধরা যায়নি। পরে সবকিছু নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে অর্ধশতাধিক প্রচারপত্র, লিফলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারের পর গোলাম হায়দার সাংবাদিকদের বলেন, তিনি আগে হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু নিষিদ্ধ হওয়ার পর তিনি আর হিযবুতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখেননি। বাসা থেকে উদ্ধার করা লিফলেট ও প্রচারপত্রগুলো তিনি মসজিদ থেকে পেয়েছিলেন বলে দাবি করেন। যোগাযোগ করা হলে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোলাম হায়দার এর সঙ্গে জড়িত কি না, তা তাঁরা জানেন না। গতকাল বিকেলে উত্তরায় গোলাম হায়দারের বাসায় গেলে তাঁর বাবা চিকিৎসক গোলাম রসুল বলেন, গোলাম হায়দার হিযবুত তাহ্রীর করেন কি না, তা তিনি জানেন না। দলটির প্রচারপত্র ও বই তিনি কখনো বাসায় দেখেননি বলেও দাবি করেন।পারিবারিক সূত্র জানায়, ১৯৯০ সালের দিকে গোলাম হায়দার ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস এবং স্কটল্যান্ডের গ্লাস গো থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। সিঙ্গাপুর ও মাদ্রাজে সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি। পাঁচ-ছয় বছর ধরে তিনি ইউনাইটেড হাসপাতালে কর্মরত আছেন।