হিযবুতের চার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর মসজিদের সামনে জুমার নামাজের পর প্রচারপত্র বিলি করার সময় আজ শুক্রবার নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র রেদোয়ান আহমেদ (২৪), লালবাগ মাদ্রাসার আরবি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মোমিন (২০) ও মিরপুর মদিনাবাগ মসজিদের হাফেজি মাদ্রাসার ছাত্র রুহুল আমিন সোহাগ (২০)। এ ছাড়া নাখালপাড়া বড় মসজিদের সামনে লিফলেট বিলির সময় র‌্যাব-২-এর সদস্যরা আবদুর রহমান (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছেন। তিনি ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।র‌্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ২০ জুলাই রোজা শুরুর আগের দিন জুমার নামাজের পরে লিফলেট বিলির সময় র‌্যাব ১৭ জনকে এবং পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল। ওই দিন পল্লবীতে মুসল্লিরা লিফলেট বিলিতে বাধা দিলে তাঁদের ওপর চড়াও হয়েছিলেন হিযবুত তাহরীর সদস্যরা।