দুই দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু
হিরন পয়েন্টে বঙ্গোপসাগরের উচ্চতা গড়ে ৪ মিলিমিটার বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে গত ২২ বছরে হিরন পয়েন্টে বঙ্গোপসাগরের উচ্চতা গড়ে চার মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। সার্ক মেট্রোলজিক্যাল রিচার্স সেন্টারের গবেষণা মোতাবেক এ উচ্চতা বাড়ার তথ্য পাওয়া গেছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩২ সেন্টিমিটার বাড়বে। সমুদ্রের এ উচ্চতা বাড়লে দেশের আটটি জেলার উপকূলবর্তী বিস্তীর্ণ ভূমি পানির নিচে তলিয়ে যাবে।আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান। তথ্য অনুসারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এর আগে দুই দিন বিরতির পর বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদে আজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ পাস হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০ সংসদে উত্থাপিত হবে।