হিরোইন এ হেলেন
মাধুর ভান্ডারকারের আলোচিত ছবি হিরোইন এ অভিনয় করতে যাচ্ছেন বলিউডের একসময়ের আলোচিত ও গুণী অভিনেত্রী হেলেন। তাঁকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল অশ্বিনী চৌধুরী পরিচালিত জোড়ি ব্রেকার্স ছবিতে। এক খবরে টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, হিরোইন ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন হেলেন। ছবির মোট পাঁচটি দৃশ্যে অভিনয় করলেও এগুলো ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ।হিরোইন ছবিতে হেলেনের চরিত্রটিও বেশ মজার। এ ছবিতে হেলেনকে চলচ্চিত্রের স্বর্ণযুগের সুপার হিরোইন হিসেবে দেখানো হবে। যিনি তাঁর সে সময়কার অভিজ্ঞতার কথা আলোচনা করবেন সহশিল্পী কারিনা কাপুরের সঙ্গে।এ প্রসঙ্গে হেলেন জানিয়েছেন, হিরোইন ছবিতে অংশগ্রহণ করতে পেরে তিনি অনেক খুশি। শুধু তা-ই নয়, মাধুর ভান্ডারকারের মতো একজন নামী পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। অন্যদিকে হেলেন নিজেও মাধুর ভান্ডারকারের ছবির একজন বড় ভক্ত। তিনি প্রায়ই মাধুর পরিচালিত ছবিগুলো দেখেন বলেও জানা গেছে। হিরোইন ছবির থিমটি হেলেনের পছন্দ হওয়ায় তিনি কাজটি করতে রাজি হয়েছেন।এদিকে হিরোইন ছবির পরিচালক মাধুর বলেছেন, ‘আমি খুবই অবাক হয়েছি, তিনি (হেলেন) আমার ছবি পছন্দ করেন জেনে। আমি খুবই গর্বিত তাঁঁর মতো একজন অভিনয়শিল্পী আমার আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজি হয়েছেন।