হিরোমিৎসুর চোখে বিস্ময়ের জল
জাপানে ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারানো লোকজনের সংখ্যার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সংবাদমাধ্যমের ধারণা, শেষ পর্যন্ত এই হিসাব আরও অনেক বেশি হবে। উত্তর-পূর্বাঞ্চলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছোট অনেক শহর থেকে পাওয়া ক্ষয়ক্ষতি ও নিখোঁজ লোকজনের পরিসংখ্যান সে রকম আভাসই দিচ্ছে।ভূমিকম্পের প্রথম শক্তিশালী আঘাতের ঠিক পরপর চলে আসা সুনামি উত্তর-পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে শহরের পর শহর তলিয়ে দিয়েছিল। ঢেউ ফিরে যাওয়ার পর যে ছবি দৃশ্যমান, তা হলো মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ভাঙা ঘরবাড়ি, দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি, ছোট আকারের জাহাজ, কংক্রিটের বিশাল সব ভাঙা টুকরো আর জাহাজের মালামাল পরিবহনের কনটেইনার; যা কিনা সমগ্র এলাকার চেহারায় এনে দিচ্ছে ভয়াবহ এক ছাপ। আর এসবের নিচে চাপা পড়ে প্রায় সম্পূর্ণভাবেই হারিয়ে গেছে ছোট কয়েকটি শহর ও গ্রাম, যাত্রীবাহী চারটি ট্রেন, আর সে রকম লোকজন—যাদের দৈনন্দিন বাদানুবাদ আর ব্যস্ত চলাফেরায় মাত্র কদিন আগেও সজীব ছিল ওই জনপদ। এখন এর সবটাই দাঁড়িয়ে আছে প্রকৃতির বিধ্বংসী শক্তির জীবন্ত সাক্ষী হয়ে।বিপর্যয়ের ৪৮ ঘণ্টা পর ভূমিকম্প-পরবর্তী কম্পন অনেকটা থেমে গেছে। তবে সেন্দাই, ফুকুশিমা ও ইয়াতে জেলার অনেকের বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে অনেক বাড়িঘরের চিহ্নও এখন আর খুঁজে পাওয়া সম্ভব নয়। সুনামির ঢেউয়ের প্রচণ্ড বেগ ভাসিয়ে নিয়ে গেছে সেই সব বাড়িঘর আর সেখানে বসবাসকারী লোকজনের সাজানো সংসার। এদের ঠাঁই হচ্ছে তড়িঘড়ি তৈরি করে নেওয়া বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। জাপানের ছয়টি জেলায় তিন লাখ ৭০ হাজার মানুষ এখন দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ ছাড়া ফুকুশিমা জেলার দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারদিকের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া লোকজনও আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছে। তাদের সবার জন্য খাদ্য, গরম কাপড় আর জ্বালানির সরবরাহ নিশ্চিত করা তাৎক্ষণিক এক সমস্যা। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় সরকারকেও সেসব সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভাবতে হচ্ছে।ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় ভূমিকম্পের পর থেকে টেলিফোন সংযোগ পুনঃস্থাপন সম্ভব হয়নি। তাই জাপানের অন্যান্য এলাকায় বসবাসকারীদের পক্ষে তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের খোঁজখবর নেওয়া সম্ভব হচ্ছে না। নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কোম্পানির ভাষ্য অনুযায়ী, গত রাত পর্যন্ত কোম্পানির পাঁচ লাখের কাছাকাছি ফাইবার অপটিকস সেবা লাইন বন্ধ ছিল। এ ছাড়া বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ১০ হাজারের বেশি বেইস স্টেশন এখন পর্যন্ত অকেজো হয়ে আছে।প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর নানা রকম মর্মান্তিক ঘটনা জনগণ এখন নিয়মিতভাবে জানতে পারছে। কোথাও কোনো মা হাহাকার করছেন হঠাৎ চলে আসা ঢেউয়ে সন্তানকে হারিয়ে, কোথাও আবার হতবিহ্বল কন্যা বাবা-মাকে না পেয়ে চোখের পানিতে কেবলই ভাসছে। জাপানের সব কটি টেলিভিশন চ্যানেলে বিরতিহীনভাবে প্রচারিত হওয়া দুর্যোগসংক্রান্ত খবরের অনেকটা জুড়েই এখন দেখা যায় নানা বয়সের অসহায় সেই সব নারী-পুরুষের উপস্থিতি। দুর্যোগের সংবাদ কোনো রকম বিরতি না দিয়ে প্রচার করার জন্য বাণিজ্যিক টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে বিজ্ঞাপনের প্রচার। দুর্দিনে মানুষের দুঃখকষ্টে নিজেদের সহানুভূতি প্রকাশের যেন উপায় এটি। বিয়োগান্ত জীবননাট্যের এ রকম নানা ঘটনার নিয়মিত প্রচারের মুখে জাপানের নৌবাহিনী আজ (গতকাল) কিছুটা হলেও সান্ত্বনার বাণী শোনাতে পেরেছে। সেই সাফল্য হলো, সুনামিতে ভেসে যাওয়া বাড়ির ভাঙা এক ছাদ ধরে ঝুলে থাকা ষাট বছর বয়সী এক পুরুষকে জীবন্ত উদ্ধার করা। সুনামির ঢেউয়ে ভেসে যাওয়ার তিন দিন পর ফুকুশিমার মিনামি সোমা শহরের অধিবাসী হিরোমিৎসু শিনকাওয়াকে সমুদ্র থেকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী। ভেসে যাওয়া ভাঙা ছাদে আশ্রয় নেওয়া সেই ব্যক্তি দূর থেকে জাহাজটি দেখতে পেয়ে সমানে হাত নাড়ছিলেন এবং তাঁর সেই ডাকে সাড়া দিয়ে নৌবাহিনীর জাহাজ উপকূলের প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। প্রাণে বেঁচে গিয়ে তীরে ফিরে আসার পর সেই বৃদ্ধকেও দেখা গেছে চোখের জলে ভাসতে। তবে শোকের অশ্রু সেটা ছিল না, বরং তা ছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় বিস্ময়ের চোখের জল।