হিলারি ও প্রণবের আগমনে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চাসহ কয়েকটি বাম রাজনৈতিক দল। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সমানে খণ্ড খণ্ডভাবে দলগুলো এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম হিলারি ক্লিনটনের কুশপুত্তলিকা দাহ করলে পুলিশ তাত্ক্ষণিক বাধা দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ সময় সমাবেশকারীরা ‘হিলারি ফিরে যাও’ ধ্বনিতে স্লোগান দিতে থাকেন।সমাবেশে ফোরামের সভাপতি রওশন আরা রুশো বলেন, মার্কিনিদের মদদে বাংলাদেশে দক্ষিণ আমেরিকার মতো গুম-খুনের ঘটনা ঘটছে। মার্কিন-ভারত সাম্রাজ্যবাদী শক্তি চুক্তির জালে আবদ্ধ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করতে চাইছে। সমাবেশে আরও বক্তব্য দেন ফোরামের নেতা শম্পা বসু, আফসানা বেগম, মুর্জিনা খাতুন ও তাসলিমা নাজনীন।বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামানের সভাপতিত্বে বাম মোর্চার এক সমাবেশে বক্তারা বলেন, অতীত ও বর্তমানের সরকার জাতীয় সম্পদ তেল-গ্যাস বহুজাতিক কোম্পানির হাতে তুলে দিয়ে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। এখন বিনিয়োগ, নিরাপত্তা ও কৌশলগত অংশীদারি চুক্তির নামে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মার্কিন-ভারত-ইসরায়েল অক্ষ শক্তির যুদ্ধ চক্রান্তে বাংলাদেশকে জড়ানো হচ্ছে। মার্কিন মদদে বাংলাদেশে হত্যা আর গুমের ঘটনা দক্ষিণ আমেরিকার পরিস্থিতিকেও হার মানিয়েছে।সমাবেশে আরও বক্তব্য দেন বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, আবদুস সাত্তার, হামিদুল হক, নজরুল ইসলাম, বদরুল আলম, মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।অন্য এক সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের দাবিতে বলা হয়, বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি নির্মাণ করা চলবে না। এ ছাড়া তাঁরা ভারত ও আমেরিকার সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং জ্বালানি-সংক্রান্ত অংশীদারি চুক্তি বাতিলের দাবি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ফয়জুল হাকিম, মাসুদ খান, আবু তাহের প্রমুখ।